
হাম সংক্রমণ নিয়ে উদ্বেগ থাকলেও দেশে এখনো জরুরি অবস্থা ঘোষণার মতো পরিস্থিতি তৈরি হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
সোমবার (২০ এপ্রিল) নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করতে গিয়ে তিনি বলেন, ‘এখন যে অবস্থা, সেটাকে মহামারি বলা যাবে না। হামে প্রথম শিশু মৃত্যুর পর পরই সরকার আইসিইউর ব্যবস্থা করেছে।’
স্বাস্থ্যমন্ত্রী দাবি করেন, অতীত সরকারের ব্যর্থতার কারণে বর্তমান পরিস্থিতি জটিল হয়েছে। তিনি বলেন, ‘অতীত সরকারগুলোর ব্যর্থতার কারণে ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে। ফ্যাসিস্ট সরকার সব খাতেই লুটপাট করেছে এবং স্বাস্থ্যখাতে কোনো টাকা রেখে যায়নি। আর কোনো ফ্যাসিস্টের জন্ম নিতে দেয়া হবে না।’
তিনি আরও বলেন, বর্তমানে কিছু মা সচেতনতার অভাবে কিংবা ব্যস্ততার কারণে শিশুদের বুকের দুধ খাওয়াচ্ছেন না, যা উদ্বেগজনক। তার ভাষায়, ‘বর্তমান কিছু মা স্টাইল করে, আর কিছু মা তাদের কর্মব্যস্ততার কারণে তারা বাচ্চাদের ব্রেস্ট ফিডিং করায় না। এটা খুবই খারাপ লক্ষণ। ব্রেস্ট ফিডিংয়ের অভাবে আমাদের বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ও পুষ্টি দিন দিন কমে যাচ্ছে। যার কারণে হামের মতো একটি ভয়াবহ রোগ আমাদেরকে বিব্রত করছে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে হুমকির মুখে ফেলছে। অনেক মায়ের বুক খালি করে নিচ্ছে।’
রূপগঞ্জে স্বাস্থ্যসেবা উন্নয়নের বিষয়ে আশ্বাস দিয়ে মন্ত্রী বলেন, ‘আগামী বাজেটে আপনাদের এমপি ১০০ বেডের হাসপাতাল চেয়েছেন। ইনশাল্লাহ, আমার মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতায় আমি রূপগঞ্জবাসীকে ১০০ বেডের একটি হাসপাতাল উপহার দিয়ে যাব—করে দেব, ইনশাল্লাহ।’