
রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে পরিবেশ রক্ষা ও নিরাপদ জ্বালানি নিশ্চিত করতে বড় ধরনের সহায়তা দিয়েছে কানাডা।
এই সহায়তার আওতায় ১ কোটি কানাডিয়ান ডলার (প্রায় ১০ মিলিয়ন ডলার) অনুদান দেওয়া হবে, যা রোহিঙ্গা ক্যাম্পে এলপিজি জ্বালানি সরবরাহ ও বন সংরক্ষণ কার্যক্রমে ব্যয় করা হবে।
এই অর্থ বাস্তবায়ন করবে ইউএনএইচসিআর এবং আইওএম। প্রায় ১২ লাখ শরণার্থীর জন্য নিরাপদ রান্নার জ্বালানি নিশ্চিত করাই এই প্রকল্পের মূল লক্ষ্য।
বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অতিত সিং বলেন, এই উদ্যোগ শুধু মানবিক সহায়তা নয়, বরং পরিবেশগতভাবেও গুরুত্বপূর্ণ। এতে বন উজাড় কমবে, কার্বন নিঃসরণ হ্রাস পাবে এবং স্থানীয় জনগোষ্ঠীর নিরাপত্তা বাড়বে।
২০১৮ সাল থেকে এলপিজি বিতরণ শুরু হওয়ার পর রোহিঙ্গা ক্যাম্পে জ্বালানি কাঠের ব্যবহার প্রায় ৮০ শতাংশ কমেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। এতে বছরে লক্ষাধিক টন কার্বন ডাই-অক্সাইড নিঃসরণও কমেছে।
এই নতুন অনুদানের মাধ্যমে প্রায় ২ লাখ ৭৫ হাজার শরণার্থী পরিবার এলপিজি সুবিধার আওতায় আসবে এবং কক্সবাজারের সংরক্ষিত বনাঞ্চল রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।