
জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১২ এপ্রিল) সকালে সেনানিবাসের দরবার হলে দেওয়া বক্তব্যে তিনি বলেন, দেশের প্রতিটি সেক্টর সংস্কার এবং জনগণের উন্নয়ন নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। রাষ্ট্র মেরামতের উদ্দেশ্যে বিএনপি যে ‘জুলাই সনদ’-এ স্বাক্ষর করেছিল, তা যথাযথভাবে বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
প্রধানমন্ত্রী সেনাবাহিনীর পেশাদারিত্ব, দায়িত্ববোধ ও দেশপ্রেমের প্রশংসা করে বলেন, সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর সম্পত্তি নয়; বরং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষাই তাদের একমাত্র পবিত্র দায়িত্ব।
তিনি পিলখানা হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে বলেন, ওই ঘটনার মাধ্যমে সেনাবাহিনীকে দুর্বল করার চেষ্টা হয়েছিল এবং পরবর্তী সময়েও বিভিন্নভাবে বাহিনীকে বিতর্কিত করার অপচেষ্টা চালানো হয়।
তারেক রহমান আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময় এবং অন্তর্বর্তী সরকারের পুরো আমলে সেনাবাহিনী দায়িত্বশীল ভূমিকা পালন করেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও তারা স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালন করেছে।
সেনাবাহিনীর আধুনিকায়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর অবদানের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বাহিনী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ পরাজিত করতে পারবে না। তিনি জিয়াউর রহমানের জ্বালানো দেশপ্রেমের চেতনা ধরে রাখার আহ্বান জানান।