
সময় ও জ্বালানি সাশ্রয়ের কৌশল হিসেবে এবার জাতীয় সংসদ ভবনেই অনুষ্ঠিত হয়েছে মন্ত্রিসভার বৈঠক—যা সাম্প্রতিক পরিস্থিতিতে সরকারের ব্যতিক্রমী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত পৌনে ৯টার দিকে জাতীয় সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৈঠক শুরু হয় এবং রাত সাড়ে ১১টায় তা শেষ হয়।
বৈঠক শেষে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানান, প্রধানমন্ত্রীর টানা ১৮ ঘণ্টা কাজের ব্যস্ত সূচির কারণে যাতায়াতে সময় অপচয় এড়াতে সংসদ ভবনেই বৈঠকের আয়োজন করা হয়েছে।
তিনি আরও বলেন, সরকারের উচ্চপর্যায়ে ব্যাপক কাজের চাপ থাকা সত্ত্বেও প্রশাসনিক কার্যক্রম সচল রাখতে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ বৈঠকে বৈশ্বিক পরিস্থিতি ও চলমান জ্বালানি সংকট বিবেচনায় ব্যয় কমানো এবং বিদ্যুৎ-জ্বালানি ব্যবহারে নিয়ন্ত্রণ আনতে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে রয়েছে অফিস সময় হ্রাস, নির্দিষ্ট সময়ের পর দোকান বন্ধ রাখা এবং ইলেকট্রিক বাস চালুর মতো উদ্যোগ।