
ঈদযাত্রা সংক্রান্ত সরকারের প্রস্তুতি কার্যকরভাবে সম্পন্ন হয়েছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহণ ও সেতু, রেলপথ ও নৌপরিবহণমন্ত্রী শেখ রবিউল আলম। বুধবার (১৯ মার্চ) রাতের একটি বেসরকারী টেলিভিশনের টকশোতে তিনি এই মন্তব্য করেন।
সড়কমন্ত্রী জানান, “ঈদযাত্রা নিয়ে আমাদের যে প্রস্তুতি ছিল, সেই জায়গা থেকে আমরা সফল। সড়ক যোগাযোগটা স্বস্তির হয়েছে। যাত্রীরা সেবা পাচ্ছে না, বিশৃঙ্খলা আছে, নৈরাজ্য আছে, অনিরাপদ বোধ করছে, টিকিটের ভাড়া বেশি দিতে বাধ্য হচ্ছে... এ রকম কোনো অভিযোগ কিন্তু পাচ্ছি না।”
তিনি আরও বলেন, সড়কে গাড়ির চাপ লক্ষ্য করা যাচ্ছে কারণ গার্মেন্টস খাত আজ ছুটি দিয়েছে। গার্মেন্টসকর্মীদের সুবিধার জন্য প্রায় ৭০টি বিআরটিসি বাস বিশেষভাবে বরাদ্দ করা হয়েছে। মন্ত্রী জানাচ্ছেন, “এইযে লাখ লাখ গার্মেন্টস শ্রমিক, তারা একটা পিকআপে ১৫-২০জন করে উঠে যাচ্ছে। এই গাড়িগুলো যমুনা সেতুর কাছে গিয়ে বন্ধ হয়ে যেতে পারে, কতগুলো বাস এভাবে বন্ধ হয়েছেও, এতে দুর্ভোগের সৃষ্টি হয়। এই বন্ধ হওয়া বাসগুলো সরিয়ে নিতে দিতে ১৫ মিনিটেই ৮-১০ কিলোমিটার যানজট তৈরি হয়ে যেতে পারে।”
চন্দ্রার যানজটের প্রসঙ্গে তিনি বলেন, বৃষ্টির পর সেখানে সাময়িক যানজট দেখা দেয়, তবে এটি ধীরে ধীরে স্বাভাবিক হবে।