
মধ্যপ্রাচ্যের আকাশসীমা বন্ধ থাকায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট সূচিতে ভোগান্তি যেন কাটছেই না। চলমান পরিস্থিতির প্রভাবে বৃহস্পতিবারও বাতিল করা হয়েছে আরও ২৬টি ফ্লাইট।
বৃহস্পতিবার (১৯ মার্চ) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৮ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ৬১৪টি ফ্লাইট বাতিল হয়েছে।
এর আগে ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করে। যুদ্ধ পরিস্থিতির কারণে নেওয়া এই সিদ্ধান্ত সরাসরি প্রভাব ফেলেছে ঢাকার বিমান চলাচলে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, আকাশপথ বন্ধ থাকায় প্রতিদিনই উল্লেখযোগ্য সংখ্যক ফ্লাইট বাতিল হচ্ছে। তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ৩২টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি, ৮ মার্চ ২৮টি, ৯ মার্চ ৩৩টি, ১০ মার্চ ৩২টি, ১১ মার্চ ২৭টি, ১২ মার্চ ২৮টি, ১৩ মার্চ ২৫টি, ১৪ মার্চ ২৬টি, ১৫ মার্চ ২৩টি, ১৬ মার্চ ৩১টি, ১৭ মার্চ ৩১টি, ১৮ মার্চ ২৬টি এবং ১৯ মার্চ ২৬টি ফ্লাইট বাতিল হয়েছে।
বৃহস্পতিবার বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে কুয়েতগামী ৪টি, এয়ার অ্যারাবিয়ার (শারজাহ, ইউএই) ৬টি, গালফ এয়ারের (বাহরাইন) ২টি, কাতার এয়ারওয়েজের ৪টি এবং এমিরেটস এয়ারলাইনসের ২টি ফ্লাইট।
এ ছাড়া জাজিরা (কুয়েত) ৪টি এবং ফ্লাইদুবাইয়ের (সংযুক্ত আরব আমিরাত) ৪টি ফ্লাইট বাতিল হয়েছে। সব মিলিয়ে এদিন মোট ২৬টি ফ্লাইট বাতিলের ঘটনা ঘটে।