
যুক্তরাষ্ট্র ভ্রমণে আগ্রহী বাংলাদেশিদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস, যেখানে বি১-বি২ ভিজিটর ভিসার ব্যবহারে কিছু স্পষ্ট নিষেধাজ্ঞা তুলে ধরা হয়েছে।
বুধবার (১৮ মার্চ) দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে জানানো হয়, ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়ে কোন কোন কাজ করা যাবে না, সে বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে।
পোস্টে বলা হয়েছে, বি১-বি২ ভিজিটর ভিসা ব্যবহার করে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়া অনুমোদিত নয়। অনেকেই এই ভিসায় গিয়ে সন্তান জন্ম দেওয়ার চেষ্টা করেন যাতে শিশুটি মার্কিন নাগরিকত্ব পায়, যা ‘বার্থ ট্যুরিজম’ নামে পরিচিত।
এছাড়া এই ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়ে কোনো নিয়োগকর্তা বা প্রতিষ্ঠানের কাছ থেকে পারিশ্রমিক গ্রহণ করে কাজ করারও সুযোগ নেই। অর্থাৎ, ভিজিটর ভিসাধারীরা কোনো ধরনের বেতনভিত্তিক কাজে যুক্ত হতে পারবেন না।
দূতাবাস আরও স্পষ্ট করে জানায়, এই ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে ডিগ্রি অর্জন বা প্রাতিষ্ঠানিক ক্রেডিটের উদ্দেশ্যে পড়াশোনা করাও নিষিদ্ধ।
উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে অভিবাসন ও ভিসা সংক্রান্ত বিভিন্ন নীতিতে কড়াকড়ি আরোপ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশিদের জন্য এই নতুন সতর্কতা জারি করেছে মার্কিন দূতাবাস।