
মধ্যপ্রাচ্যের সংঘাত ঘিরে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ নিয়ে বাড়তে থাকা শঙ্কার মধ্যে বিকল্প ব্যবস্থা নিতে তৎপর হয়েছে সরকার। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
বুধবার (৪ মার্চ) দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
মাহমুদ টুকু বলেন, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিয়ে বাংলাদেশ উদ্বিগ্ন। তার ভাষায়, এই শঙ্কা শুধু বাংলাদেশের নয়, বরং বিশ্বব্যাপী। তিনি বলেন, যাতে কোনো বড় ধরনের বিপর্যয় তৈরি না হয় সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে।
জ্বালানি সহায়তার বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছে বলেও জানান তিনি। এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, মার্কিন প্রশাসনের আরও উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পল কাপুর বিষয়টি অবহিত করবেন। তবে বর্তমান মজুত বিবেচনায় জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হলে ঈদের ছুটি কিংবা অন্তত মার্চ মাস পর্যন্ত পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব বলে মনে করছেন তিনি।
এ সময় জ্বালানি ব্যবহারে সংযমী হওয়ার আহ্বান জানান মন্ত্রী। মাহমুদ টুকু বলেন, “শপিংমলগুলোতে অহেতুক আলোকসজ্জা করা হয়। এগুলোর দরকার নেই। ব্যক্তিগত গাড়ি ব্যবহার বাদ দিয়ে গণপরিবহন ব্যবহার করুন।”