
প্রবাসী কর্মীদের প্রতি সম্মান প্রদর্শনের অংশ হিসেবে বিমানবন্দরে তাদের ‘স্যার’ সম্বোধন করার সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।
বৃহস্পতিবার (৫ মার্চ) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এর লাউঞ্জে দায়িত্বরত কর্মচারীদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, প্রবাসীদের কষ্টার্জিত অর্থ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে এবং সেই অর্থ থেকেই রাষ্ট্রের অনেক ব্যয় নির্বাহ হয়। তাই তাদের প্রতি সর্বোচ্চ সম্মান ও আন্তরিকতা প্রদর্শন করতে হবে।
এর আগে ঢাকার কুর্মিটোলায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সদর দপ্তরের সম্মেলন কক্ষে সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা করেন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। সেখানে প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত করতে কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
মন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, বিদেশ থেকে আসা অনেক যাত্রী বিমানবন্দরে এসে বিভিন্ন বিষয় বুঝতে না পেরে ভোগান্তিতে পড়েন। তাই সেবার ধরন ও আচরণে ইতিবাচক পরিবর্তন আনতে হবে।
তিনি আরও জানান, সেবার মান নিশ্চিত করতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে আকস্মিক পরিদর্শন পরিচালনা করা হবে।
প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বিমানবন্দরের সার্বিক পরিচ্ছন্নতা বজায় রাখা, মনিটরিং জোরদার করা এবং সংশ্লিষ্টদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশ দেন। একই সঙ্গে অগ্নিকাণ্ড বা নিরাপত্তাজনিত ঝুঁকি এড়াতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনেরও আহ্বান জানান তিনি।
সভায় উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান এবং বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।