
সরকারি হাসপাতালগুলোকে দালালমুক্ত করার ব্যাপারে কঠোর অবস্থান নিয়েছে সরকার। স্বাস্থ্যখাতে শৃঙ্খলা ফেরাতে সরাসরি ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
বুধবার ৪ মার্চ সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে গিয়ে তিনি এ ঘোষণা দেন। এ সময় তিনি স্পষ্টভাবে বলেন, সরকারি হাসপাতাল থেকে দালালদের নির্মূল করা হবে। কেউ যদি রোগী ভাগিয়ে নেওয়া বা রোগীদের সঙ্গে প্রতারণার সঙ্গে জড়িত থাকে, তাহলে তাদের কঠোর হস্তে দমন করা হবে।
পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের সার্বিক পরিবেশ উন্নয়ন এবং রোগীদের জন্য সরবরাহ করা খাবারের মান নিশ্চিত করতে ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন। দায়িত্ব পালনে অবহেলার প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন তিনি।
সরদার মো. সাখাওয়াত হোসেন আরও বলেন, সরকারের সম্পদ সীমিত হলেও সেই সীমাবদ্ধতার মধ্যেই জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার। রাজধানী ঢাকাসহ সারা দেশে রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর বলেও তিনি উল্লেখ করেন।