
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নিরাপত্তার কাজে মোতায়েন হওয়া সশস্ত্র বাহিনীর সদস্যদের খুব দ্রুতই প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।
তিনি বলেন, “তারাও (সশস্ত্র বাহিনী) আর বেশি সময় মাঠে থাকতে চায় না। তাদের নিয়মিত কাজ ও প্রশিক্ষণ রয়েছে।”
রবিবার (১ মার্চ) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমদ বলেন, “কবে নাগাদ তাদের ফেরত নেওয়া হবে, তা নিশ্চিত বলতে পারবো না। আমরা দ্রুতই একটি উচ্চপর্যায়ের বৈঠকে বসে সিদ্ধান্ত নেব তাদেরকে কবে মাঠ থেকে প্রত্যাহার করা হবে।”
তিনি বলেন, “সাধারণত ১৫ দিন পর্যন্ত তারা মাঠে থাকে। সম্ভবত মেয়াদ শেষ। আমরা দ্রুতই এ বিষয়ে সিদ্ধান্ত নেব।”
এদিন দুপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে নিজ দপ্তরে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এসময় বিভিন্ন প্রশ্নের জবাব দেন মন্ত্রী।