
মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতার পরিবারে শোকের ছায়া নেমেছে। তাঁর মা হুরন নাহার রশীদ আজ রোববার (১ মার্চ) ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত ছিলেন তিনি।
পারিবারিক সূত্র জানায়, হুরন নাহার রশীদ ছিলেন প্রখ্যাত শিল্পপতি ও সাবেক মন্ত্রী মরহুম হারুনার রশীদ খান মুন্নুর সহধর্মিণী এবং মুন্নু গ্রুপের প্রতিষ্ঠাতা পরিবারের একজন সম্মানিত সদস্য। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর সাড়ে ৬টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি দুই মেয়ে, দুই জামাতা, তিন নাতি এবং অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
আজ রোববার বাদ আসর মানিকগঞ্জের মুন্নু সিটিতে অবস্থিত মুন্নু মেডিকেল কলেজ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার পর তাকে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতাল ও মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে স্বামী হারুনার রশীদ খান মুন্নুর কবরের পাশে দাফন করা হবে।
হুরন নাহার রশীদের মৃত্যুর খবরে মানিকগঞ্জ জেলায় শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সংসদ সদস্য, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধি তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে গভীর সমবেদনা প্রকাশ করেছেন। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের পাশে দাঁড়াতে সকাল থেকেই মুন্নু সিটিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুন্নু গ্রুপের কর্মকর্তা-কর্মচারীরা ভিড় করছেন।