
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনের পক্ষ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সিইসির ভাষণটি মঙ্গলবার সন্ধ্যায় রেকর্ড করা হয়েছে। এটি বুধবার ১১ ফেব্রুয়ারি সন্ধ্যায় বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ দেশের সব বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিওতে একযোগে সম্প্রচার করা হবে।
ধারণা করা হচ্ছে, ভাষণে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনের সামগ্রিক প্রস্তুতি সম্পর্কে দেশবাসীকে অবহিত করবেন। একই সঙ্গে তিনি ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানাতে পারেন।
ভাষণে দেশজুড়ে নির্বাচনি সামগ্রী বিতরণের অগ্রগতি, ৪২ হাজার ৬৫৯টি ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়েও বিস্তারিত তুলে ধরা হতে পারে। এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৯ লাখ ৫৮ হাজার সদস্য মোতায়েন, ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন এবং ড্রোন নজরদারির মাধ্যমে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার বিষয়গুলো উল্লেখ করার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে একটি অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের ক্ষেত্রে নির্বাচন কমিশনের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হতে পারে।
উল্লেখ্য, গত বছরের ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছিলেন।