
ইসলামি বিপ্লবের বার্ষিকীকে সামনে রেখে ইরানে দুই হাজারের বেশি বন্দির সাজা মওকুফ বা হ্রাসের অনুমোদন দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। গুরুত্বপূর্ণ ধর্মীয় ও জাতীয় দিবস উপলক্ষে অতীতেও তিনি এ ধরনের সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন।
বার্তা সংস্থা ইরনার খবরে বিচার বিভাগের ওয়েবসাইট মিজান অনলাইনের তথ্য উল্লেখ করে বলা হয়, বিচার বিভাগের প্রধানের আবেদনের প্রেক্ষিতে খামেনি মোট ২ হাজার ১০৮ জন দণ্ডপ্রাপ্ত ব্যক্তির সাজা মওকুফ, কমানো বা পরিবর্তনের অনুমতি দিয়েছেন। তবে বিচার বিভাগের উপপ্রধান আলি মোজাফফারি জানিয়েছেন, সাম্প্রতিক দাঙ্গা ও বিক্ষোভে জড়িত অভিযুক্ত এবং দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা এই সিদ্ধান্তের আওতায় আসছেন না।
গত বছরের ডিসেম্বরের শেষ দিকে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে প্রতিবাদ শুরু হয় ইরানে। পরবর্তীতে তা সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয় এবং ৮ ও ৯ জানুয়ারি আন্দোলন সবচেয়ে তীব্র অবস্থায় পৌঁছায়।
তেহরান কর্তৃপক্ষের হিসাবে, এই অস্থিরতার সময় তিন হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্য ও সাধারণ নাগরিক উভয়ই রয়েছেন। সরকার এ ঘটনাগুলোকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে অভিহিত করেছে। ইরানি কর্মকর্তাদের দাবি, প্রথমদিকে বিক্ষোভ শান্তিপূর্ণ থাকলেও পরবর্তীতে বিদেশি উসকানির কারণে তা সহিংস দাঙ্গায় পরিণত হয় এবং এতে হত্যাকাণ্ড ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে।