
ত্রয়োদশ জাতীয় নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনার মধ্যেই ভোট নিয়ে সন্তুষ্টি প্রকাশে এখনই তাড়াহুড়া না করার আহ্বান জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির মতে, ভোটের পুরো প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ জরুরি।
মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি এক বিবৃতিতে প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়া জানিয়ে এ মন্তব্য করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র গাজী আতাউর রহমান।
বিবৃতিতে তিনি বলেন, প্রধান উপদেষ্টা বরাবরের মতোই চমৎকার বাক্যবন্ধনীতে লেখা আশাব্যঞ্জক বক্তব্য প্রদান করেছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রত্যাশা করে, তার আশাবাদ বাস্তবে রূপায়িত হোক।
তবে গাজী আতাউর রহমান স্পষ্ট করে বলেন, এখনই ভোট নিয়ে সন্তুষ্টি প্রকাশের সময় আসেনি। তার ভাষ্য অনুযায়ী, অতীত অভিজ্ঞতায় দেখা গেছে ভোটের আগের রাতে কারচুপি, ভোটের দিন সহিংসতা, ব্যালট বাক্স ছিনতাই, জালভোট প্রদান এবং ভোট গণনায় ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মতো অনিয়ম ঘটেছে। তিনি বলেন, তাই ১২ তারিখ ভোটগ্রহণ শুরু থেকে ফলাফল ঘোষণা এবং ফল ঘোষণার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এ প্রেক্ষাপটে সরকার, নির্বাচন কমিশন ও প্রশাসনের সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করছে দলটি।
তিনি আরও বলেন, বক্তব্যের এক পর্যায়ে প্রধান উপদেষ্টা অপপ্রচারের ব্যাপারে রাষ্ট্রের শক্ত ও কঠোর অবস্থানের বার্তা দিয়েছেন। আমরা তার এই বার্তার যথার্থ প্রতিফলন চাই। কারণ, ইতোমধ্যেই অপপ্রচার রোধে সরকারের নিষ্ক্রিয়তা আমরা লক্ষ করেছি। আমরা প্রত্যাশা করি, ভোটের বাকি কয়েক ঘণ্টা অপপ্রচারের ব্যাপারে সরকার প্রধান উপদেষ্টার কথামতো কঠোর ভূমিকা পালন করবে।