
দেশের অন্যতম বিশেষায়িত আইনশৃঙ্খলা বাহিনী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন শিগগিরই নতুন নামে পরিচিত হতে যাচ্ছে। অন্তর্বর্তী সরকার বাহিনীটির নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে, যার ফলে র্যাব এখন থেকে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ বা সংক্ষেপে এসআইএফ নামে কার্যক্রম পরিচালনা করবে।
মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে কোর কমিটির বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, প্রধান উপদেষ্টার অনুমোদনের পর আনুষ্ঠানিক আদেশ জারি হলে নতুন নামেই বাহিনীর কার্যক্রম শুরু হবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, শুধু নাম নয়, বাহিনীর পোশাকেও পরিবর্তন আনা হবে।
উল্লেখ্য, র্যাব গঠিত হয় ২০০৪ সালের ২৬ মার্চ এবং একই বছরের ১৪ এপ্রিল থেকে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে। দ্য আর্মড পুলিশ অর্ডিন্যান্স ১৯৭৯ এর সংশোধিত ২০০৪ সালের বিধান অনুযায়ী এই বাহিনী গড়ে তোলা হয়। এতে বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ আনসার ও ভিডিপি, বর্ডার গার্ড বাংলাদেশ এবং বাংলাদেশ কোস্ট গার্ডের সদস্যরা অন্তর্ভুক্ত রয়েছেন।