
নতুন চাকরি পেলেন সদ্য সাবেক প্রেস সচিব শফিকুল আলম।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি জানান, তিনি একটি নতুন ইংরেজি সংবাদপত্র The Daily Wada–এর সম্পাদক হিসেবে যোগ দিয়েছেন। পোস্টে তিনি সবার দোয়া ও আশীর্বাদ কামনা করেন।
দেশে নতুন সরকার গঠনের পর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। মঙ্গলবার মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। একই সঙ্গে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজও বন্ধ ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, ছাত্র–জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয় শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকার। পরবর্তীতে ৮ আগস্ট মুহাম্মদ ইউনূস–কে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়।
এরপর গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন–এর কাছ থেকে শপথ নেন নতুন মন্ত্রিসভার সদস্যরা।