
সমাজকল্যাণ এবং নারী ও শিশু মন্ত্রণালয়ের মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন বলেছেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক জিয়ার নেতৃত্বে সবাই মিলে দেশ গড়ার লক্ষ্যে কাজ করবেন। তিনি বলেন, “৭১-এর মুক্তিযুদ্ধ এবং ২৪-এর গণঅভ্যুত্থানে হাজার হাজার মানুষ জীবন হারিয়েছে।
অনেক ত্যাগের বিনিময়ে আমরা আজকের বাংলাদেশ পেয়েছি। এদেশের মানুষের প্রতি আমাদের অনেক দায়িত্ব রয়েছে। জনগণ যে মেন্ডেট দিয়েছে, তা যথাযথভাবে পালন করতে চাই। এজন্য দলীয়করণের ঊর্ধ্বে থেকে মন্ত্রণালয়ের উন্নয়নে সকলের সহযোগিতা প্রয়োজন।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
সভায় সমাজকল্যাণ এবং নারী ও শিশু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমীন, এমপি, মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মন্ত্রী আরও বলেন, নতুন পরিবেশে এসে আমি দীর্ঘ ১৫ বছর পর গণতন্ত্রের বিজয়ের কাজের সুযোগ পাচ্ছি। ডেমোক্র্যাটিক অগ্রযাত্রায় অনেক মানুষ হারিয়েছেন; এখনো ৮০০ জন নিখোঁজ, যাদের মধ্যে ইলিয়াস আলীর খবরও আমরা পাইনি।
উন্নয়নের মহাসড়কে না গেলে বোঝা যায় না আমরা কত পিছিয়ে আছি। আমরা এখানে কোনো ব্যক্তিগত অর্জনের জন্য আসিনি, বরং মন্ত্রণালয়ের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা করব। প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেন, আমি আমার বাবার পূর্ববর্তী কাজের ধারাবাহিকতা বজায় রেখে মন্ত্রণালয়ের কার্যক্রমকে আরও এগিয়ে নিতে চাই। এজন্য সকলের সহযোগিতা অপরিহার্য।” এর আগে মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে স্বাগত জানিয়ে মন্ত্রণালয়ের সচিব ও কর্মকর্তারা ফুলের শুভেচ্ছা প্রদান করেন এবং শুভেচ্ছা বিনিময় করেন।