
রমজান শেষে ঈদুল ফিতরের আনন্দ উদযাপনের মধ্য দিয়ে মুসলিমদের এক মাসের সিয়াম সাধনা শেষ হয়েছে। তবে এই পবিত্র মাসের শিক্ষা কেবল রমজানেই সীমাবদ্ধ না রেখে সারা বছর জীবনে প্রতিফলিত করা জরুরি। তাই ঈদের পরবর্তী সময়েও কিছু গুরুত্বপূর্ণ আমলের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন।
রমজানজুড়ে মুসলিমরা ইবাদত-বন্দেগিতে অধিক মনোযোগী থাকেন। অনেকেই রজব ও শাবান মাস থেকেই নিজেদের প্রস্তুত করেন। এই দীর্ঘ প্রস্তুতির পর আসে রমজান। কিন্তু মাস শেষ হওয়ার সঙ্গে সঙ্গে অনেকের সেই আগ্রহ কমে যায়। এমনটি না করে বাকি সময়েও রমজানের চর্চা ধরে রাখার চেষ্টা করা উচিত। শুরু থেকেই দৃঢ় সংকল্প নিলে তা বজায় রাখা সহজ হয়।
রমজান আমাদের সহমর্মিতা ও পারস্পরিক সম্পর্কের গুরুত্ব শেখায়। এই শিক্ষা শুধু একটি মাসে সীমাবদ্ধ না রেখে সারা বছর আত্মীয়-স্বজনের খোঁজখবর রাখা প্রয়োজন। ঈদের ছুটিকে কাজে লাগিয়ে স্বজনদের বাড়িতে যাওয়া এবং তাদেরকে আমন্ত্রণ জানানোর মাধ্যমে সম্পর্ক আরও দৃঢ় করা যেতে পারে।
শাওয়াল মাসের ছয়টি রোজা বিশেষ ফজিলতপূর্ণ হিসেবে বিবেচিত। এ বিষয়ে আল্লাহর রাসুল (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখল অতঃপর এ রোজার পর শাওয়াল মাসে ছয়টি রোজা রাখল সে যেন গোটা বছর রোজা রাখল।’ (সহিহ মুসলিম, হাদিস : ১১৬৪)
রমজানে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায়ের প্রবণতা বাড়লেও পরবর্তীতে অনেকেই শিথিল হয়ে পড়েন, এমনকি কেউ কেউ নামাজ ত্যাগ করেন। অথচ প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। এই গুরুত্বপূর্ণ ইবাদতে অবহেলা করলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তাই এখন থেকেই নিয়মিত জামাতে নামাজ আদায়ের পরিকল্পনা করা প্রয়োজন।
রমজানে ২৯ বা ৩০ দিন রোজা রাখা ফরজ, যা চাঁদ দেখার ওপর নির্ভর করে নির্ধারিত হয়। শরীয়তসম্মত কারণ ছাড়া রোজা ভঙ্গ করার সুযোগ নেই। তবে বৈধ কারণে কেউ রোজা রাখতে না পারলে পরে তা কাজা আদায় করা বাধ্যতামূলক। তাই রমজান শেষে যত দ্রুত সম্ভব কাজা রোজাগুলো সম্পন্ন করা উচিত।