
চীনের সঙ্গে অর্থনৈতিক নির্ভরতা কমিয়ে বিশ্ববাণিজ্যে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে নতুন শুল্কনীতির পথে হাঁটছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বের অন্যতম বৃহৎ উৎপাদনকেন্দ্র চীনের অর্থনৈতিক সক্ষমতার ওপর চাপ সৃষ্টি করতে দেশটির পাশাপাশি অন্যান্য বাণিজ্যিক অংশীদারদের বিরুদ্ধেও কঠোর অবস্থান নিচ্ছে ওয়াশিংটন।
ট্রাম্প প্রশাসনের নতুন এই উদ্যোগে যুক্তরাষ্ট্র ও চীনের দীর্ঘদিনের বাণিজ্য বিরোধ আবারও উসকে ওঠার আশঙ্কা তৈরি হয়েছে। এর প্রভাব শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ না থেকে ইউরোপীয় ইউনিয়ন, জাপান এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কেও টানাপোড়েন সৃষ্টি করতে পারে।
বর্তমানে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক পদক্ষেপ ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যকার বিদ্যমান বাণিজ্যিক সমঝোতার কাঠামোর মধ্যেই রয়েছে। তবে প্রয়োজন হলে আরও শুল্ক আরোপের সুযোগ রেখেছে ট্রাম্প প্রশাসন।
বিশ্লেষকদের মতে, আগামী মাসে মায়ামিতে দুই দেশের নেতাদের মধ্যে অনুষ্ঠেয় চতুর্থ বৈঠক এবং ১০ জানুয়ারি বাণিজ্য চুক্তির মেয়াদ শেষ হওয়ার প্রেক্ষাপটে নতুন শুল্কনীতির বিশেষ গুরুত্ব রয়েছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও চীনের বাণিজ্য সম্পর্ক কোন দিকে এগোয়, তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
ট্রাম্প প্রশাসন চীনা পণ্যের ওপর আরও ২০ শতাংশ শুল্ক বাড়ানোর পরিকল্পনা করছে। এর সঙ্গে যুক্ত হবে ট্রাম্পের প্রথম মেয়াদে আরোপ করা ২৫ শতাংশ শুল্ক। দুই দেশের মধ্যে হওয়া সাময়িক সমঝোতায় এই সীমা নির্ধারণ করা হয়েছিল। সেই সমঝোতা ভেঙে গেলে দ্বিতীয় মেয়াদে চীনা পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের মোট শুল্কের হার ৪০ শতাংশে পৌঁছাতে পারে।
ক্যাপিটাল ইকোনমিকসের প্রধান এশিয়া অর্থনীতিবিদ মার্ক উইলিয়ামস বলেন, বাণিজ্যযুদ্ধ আবার শুরু হলে যুক্তরাষ্ট্রের হাতে থাকা নতুন পদক্ষেপগুলো চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে কাজ করবে। তৃতীয় দেশগুলোর বাণিজ্যসংক্রান্ত প্রতিবেদনে চীনকে বিশেষ গুরুত্ব দেওয়ার বিষয়টি ট্রাম্প প্রশাসনের আগের প্রচেষ্টারই প্রতিফলন। এর মাধ্যমে অন্য দেশগুলোকে চীনের বিরুদ্ধে বাণিজ্যিক সুরক্ষা জোরদার এবং দেশটির ওপর নির্ভরতা কমাতে উৎসাহিত করা হচ্ছে।
নতুন শুল্ক আরোপের আগে আট মাস ধরে বিশ্বজুড়ে অন্যায্য বাণিজ্যচর্চা নিয়ে তদন্ত চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে বিভিন্ন দেশের অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতার বিষয়টি পর্যালোচনা করা হয়। চীনের পাশাপাশি যেসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি রয়েছে কিংবা চুক্তি নিয়ে আলোচনা চলছে, তাদের ওপরও চাপ সৃষ্টি করছে ওয়াশিংটন। ভিয়েতনান নিয়ে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির প্রতিবেদনে চীনের প্রসঙ্গ ২৫০ বারের বেশি এবং ইউরোপীয় ইউনিয়নবিষয়ক প্রতিবেদনে ৩০০ বারের বেশি উল্লেখ করা হয়েছে।
চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক কি আবার সংঘাতের দিকে?
২০২৫ সালের এপ্রিলে ট্রাম্পের ‘লিবারেশন ডে’ শুল্কনীতিকে অবৈধ ঘোষণা করে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। এরপর বৈশ্বিক বাণিজ্যব্যবস্থাকে নতুন করে সাজানোর উদ্যোগ নেয় ট্রাম্প প্রশাসন। ওই সময় প্রায় সব বাণিজ্যিক অংশীদারের ওপর শুল্ক বাড়ানো হলেও চীনই সবচেয়ে শক্তভাবে পাল্টা জবাব দিয়েছিল। দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি শুল্কের হার তিন অঙ্কের ঘরে পৌঁছায়।
পাশাপাশি বিরল খনিজ পরিশোধনে নিজেদের আধিপত্য কাজে লাগিয়ে রপ্তানি নিয়ন্ত্রণ করে গাড়ি ও প্রতিরক্ষা শিল্পসহ বিভিন্ন বৈশ্বিক খাতকে চাপে ফেলে বেইজিং।
পরবর্তী সময়ে দুই দেশের শীর্ষ নেতাদের বৈঠকের পর পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হয়। চলতি মাসে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ট্রাম্পকে উষ্ণ অভ্যর্থনা জানান। বিমানবন্দরে প্রটোকল ভেঙে আলিঙ্গন করে তাকে স্বাগত জানান শি। বিশ্লেষকদের মতে, এই আয়োজনের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে।
এ সপ্তাহে যুক্তরাষ্ট্রে বিরল খনিজ রপ্তানির ওপর নিয়ন্ত্রণ স্থগিত রাখার মেয়াদ বাড়িয়েছে বেইজিং। পাশাপাশি চায়না সাউদার্ন এয়ারলাইন্স জানিয়েছে, তাদের সহযোগী প্রতিষ্ঠান জিয়ামেন এয়ারলাইন্স বোয়িংয়ের ৫০টি ৭৩৭ ম্যাক্স ৮ উড়োজাহাজ কেনার চুক্তি করেছে। এসব ঘটনাকে দুই দেশের বাণিজ্যিক সমঝোতা কার্যকর থাকার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
তবে শুল্ক বাড়ানোর সুযোগ থাকলেও এর ফলে মূল্যস্ফীতির প্রভাব নিয়ে সতর্ক যুক্তরাষ্ট্র। সম্প্রতি কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের রিপাবলিকান পার্টির বড় পরাজয়ের পেছনে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ভোটারদের অন্যতম প্রধান অসন্তোষ হিসেবে উঠে এসেছে।
সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটির গবেষক চেন বো বলেন, চীন যেমন যুক্তরাষ্ট্রের সঙ্গে আরেকটি বাণিজ্যযুদ্ধে জড়াতে চায় না, তেমনি ওয়াশিংটনও তা চায় না। দুই পক্ষই একটি সমঝোতায় পৌঁছাতে আগ্রহী।
চীনের বাণিজ্য ঘাটতি নিয়ে বাড়ছে উদ্বেগ
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র চীনের ওপর শুল্ক বাড়ালে বেইজিংয়ের সঙ্গে ওয়াশিংটনের বাণিজ্য ঘাটতি কমতে পারে। তবে একই সময়ে অন্যান্য দেশের সঙ্গে চীনের বাণিজ্য ঘাটতি বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এতে নিজেদের শিল্প ও কর্মসংস্থান রক্ষায় সংশ্লিষ্ট দেশগুলোর ওপর চাপ তৈরি হয়।
চীনের অভ্যন্তরীণ ভোগব্যয় দুর্বল থাকা এবং রপ্তানিনির্ভরতা ক্রমাগত বাড়তে থাকায় দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি অন্য দেশগুলোর জন্য চাপ সৃষ্টি করছে বলে সমালোচকদের অভিযোগ।
ম্যাককুয়ারি ক্যাপিটালের বৈশ্বিক কৌশলবিদ ভিক্টর শেভেটস বলেন, যুক্তরাষ্ট্রের অসংগতিপূর্ণ বাণিজ্যনীতির চেয়েও চীনের অর্থনৈতিক কাঠামো পুনর্গঠনে ব্যর্থতা ভবিষ্যতে বাণিজ্য উত্তেজনা বাড়ানোর বড় কারণ হয়ে উঠবে। তার মতে, বর্তমানে ইউরোপীয় ইউনিয়ন চীনের বাণিজ্য ভারসাম্যহীনতার কারণে সবচেয়ে বেশি চাপের মুখে রয়েছে। তবে ভবিষ্যতে অন্য দেশগুলোকেও একই পরিস্থিতির মুখোমুখি হতে হবে। এর ফলে শুল্ক ও শুল্কবহির্ভূত বাণিজ্যিক বিধিনিষেধ আরও বাড়তে পারে।
ইতোমধ্যে চীনা গাড়ি আমদানির ক্ষেত্রে কিছু পণ্যে কোটা আরোপের বিষয়ে বেইজিংকে রাজি করিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এ ছাড়া আরও বাণিজ্যিক পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে ব্রাসেলস।
গবেষণা প্রতিষ্ঠান প্লেনামের অংশীদার বো ঝেংইউয়ানের মতে, সব বাণিজ্যিক ক্ষেত্রে চীন সব সময় নিজের অবস্থান ধরে রাখতে পারবে না। অংশীদার দেশগুলোর সঙ্গে সমঝোতায় পৌঁছাতে বেইজিংকে আরও ছাড় দিতে হতে পারে। ফলে ট্রাম্পের নতুন শুল্কনীতি শুধু যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কেই নয়, পুরো বৈশ্বিক বাণিজ্যব্যবস্থায়ও নতুন মেরুকরণ তৈরি করতে পারে।
সূত্র: রয়টার্স