
পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান নিজের ও স্ত্রী বুশরা বিবির উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে দেশটির শীর্ষ আদালতের বিচারপতিদের প্রতি আহ্বান জানিয়েছেন। যথাযথ চিকিৎসা না পেলে তাঁর জীবন ঝুঁকির মুখে পড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
সোমবার (১৬ নভেম্বর) দেশটির সুপ্রিম কোর্ট, ফেডারেল সাংবিধানিক আদালত ও ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতিদের উদ্দেশে লেখা এক খোলা চিঠিতে এসব কথা জানান ইমরান খান। তাঁর আইনজীবী ব্যারিস্টার সালমান সাফদার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে চিঠিটি প্রকাশ করেন।
চিঠিতে নিজের শারীরিক অবস্থার অবনতির কথা তুলে ধরেছেন ইমরান। তিনি জানান, কারাগারে দীর্ঘদিন বিচ্ছিন্ন অবস্থায় রাখার কারণে তাঁর শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়েছে। তাঁর দাবি, ডান চোখের দৃষ্টিশক্তির ইতিমধ্যে ৮৫ শতাংশ নষ্ট হয়ে গেছে। এ ছাড়া গত ১০ নভেম্বর তাঁর রক্তচাপ ১৯২ ও ১৯৩ পর্যন্ত উঠেছিল। এ অবস্থায় মস্তিষ্কে রক্তক্ষরণ ও হৃদ্রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে বলে চিকিৎসকেরা তাঁকে সতর্ক করেছেন।
ইমরান অভিযোগ করেন, তাঁকে প্রতিদিন প্রায় ২২ ঘণ্টা নির্জন প্রকোষ্ঠে আটকে রাখা হচ্ছে। পরিবারের সদস্য ও আইনজীবীদের সঙ্গে যোগাযোগের সুযোগও সীমিত করে দেওয়া হয়েছে। গত এক বছরে আইনজীবীর সঙ্গে মাত্র চারবার দেখা করার অনুমতি পেয়েছেন তিনি। এমনকি দুই ছেলে কাসিম খান ও সুলাইমান খানের সঙ্গেও টেলিফোনে কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে না বলে চিঠিতে উল্লেখ করেন তিনি।
স্ত্রী বুশরা বিবির শারীরিক অবস্থা নিয়েও গভীর উদ্বেগ জানিয়েছেন ইমরান। তাঁর দাবি, গত এপ্রিলে বুশরা রেটিনার সমস্যায় আক্রান্ত হন এবং এ কারণে অস্ত্রোপচার করাতে হয়। চলতি মাসে স্ত্রীর সঙ্গে দেখা করার সময় তিনি আলো সহ্য করতে পারছিলেন না। এমনকি চোখও খুলতে পারছিলেন না। দ্রুত আরেকটি অস্ত্রোপচার না করালে বুশরার দৃষ্টিশক্তি স্থায়ীভাবে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে জানান ইমরান।
চিঠিতে ইমরান আরও উল্লেখ করেন, গত ১৮ আগস্ট সুপ্রিম কোর্ট তাঁকে দুই দিনের মধ্যে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তর এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা করানোর নির্দেশ দিয়েছিলেন। একই সঙ্গে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়মিত সাক্ষাতের সুযোগ দেওয়ার কথাও আদালতের নির্দেশনায় ছিল। তবে তাঁর অভিযোগ, আদালতের ওই নির্দেশ এখনো বাস্তবায়ন করা হয়নি।
চিঠির শেষাংশে ইমরান বলেন, আদালতের কাছে তিনি বিশেষ কোনো সুযোগ-সুবিধা চাইছেন না। তাঁর দাবি, আগে দেওয়া আদালতের আদেশগুলো কার্যকর করার পাশাপাশি তাঁর ও স্ত্রীর যথাযথ চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, ‘আমি বেঁচে থাকলেই নিজের নির্দোষিতা প্রমাণ করতে পারব। অনেক দেরি হওয়ার আগেই আমাকে ন্যায়বিচার দিন।’
ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবি বর্তমানে আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন। ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে আছেন ইমরান। অন্যদিকে তোশাখানা-২ মামলায় গত বছরের জানুয়ারিতে গ্রেপ্তার হন বুশরা। ওই মামলায় দুজনকেই ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সূত্র: ডন