.jpg)
বিমানযাত্রায় মালামাল পরিবহনের সময় লাগেজ ক্ষতিগ্রস্ত হলে অনেক যাত্রীকেই ক্ষতিপূরণ পেতে ভোগান্তিতে পড়তে হয়। তবে চীনের শেনঝেন বিমানবন্দরে বাংলাদেশি এক যাত্রী ভিন্ন অভিজ্ঞতার মুখোমুখি হলেন। বিমানে পরিবহনের সময় তাঁর লাগেজ নষ্ট হয়ে যাওয়ার পর বিমানবন্দরের কর্মীরা তাঁকে সেবা কেন্দ্রে নিয়ে যান। সেখানে যাচাই শেষে তাঁকে নতুন একটি ব্যাগ দেওয়া হয়। পুরো প্রক্রিয়ায় সময় লাগে ১০ মিনিটেরও কম।
গত ১৬ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন ওই যাত্রী। তিনি জানান, বিমানে পরিবহনের সময় তাঁর লাগেজটি ক্ষতিগ্রস্ত হয়। বিষয়টি বিমানবন্দরের কর্মীদের নজরে আসার পর তাঁরা তাঁকে সেবা কেন্দ্রে নিয়ে যান। সেখানে লাগেজের অবস্থা যাচাই করে দ্রুত নতুন ব্যাগ দেওয়ার ব্যবস্থা করা হয়। যাত্রীকে নতুন ব্যাগটি পছন্দ করে নেওয়ার সুযোগও দেওয়া হয়েছিল।
পোস্টে ওই যাত্রী শেনঝেন বিমানবন্দরের কর্মীদের দ্রুত সেবার প্রশংসা করেন। তাঁর ভাষ্য অনুযায়ী, পুরো প্রক্রিয়াটি শেষ করতে ১০ মিনিটেরও কম সময় লেগেছে। বিমানবন্দরের এমন দ্রুত সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি।
পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। অনেকেই বিমানবন্দরের কর্মীদের দ্রুত পদক্ষেপের প্রশংসা করেছেন। তবে ঘটনাটি নিয়ে বিমানবন্দর কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।