
ইরাকের কুর্দিস্তান অঞ্চলে ইরানি কুর্দি বিরোধী গোষ্ঠী কোমালার একটি ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। রোববার ইরানের সংবাদমাধ্যম মেহর নিউজ এজেন্সির বরাতে সৌদি সংবাদমাধ্যম আল আরাবিয়া এ তথ্য জানিয়েছে।
মেহর নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) স্থল শাখার ড্রোন অভিযানের অংশ হিসেবে গত রাতে বালিসান এলাকায় কোমালার সদর দপ্তর লক্ষ্য করে হামলা চালানো হয়। ইরানি সংবাদমাধ্যমটি গোষ্ঠীটিকে ‘সন্ত্রাসী ও বিচ্ছিন্নতাবাদী’ হিসেবে উল্লেখ করেছে।
ইরাকের আধা-স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে ইরানি কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলোর বেশ কয়েকটি শিবির ও ঘাঁটি রয়েছে। মধ্যপ্রাচ্যে ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান এসব স্থাপনায় একাধিকবার হামলা চালিয়েছে। তেহরানের অভিযোগ, এসব গোষ্ঠী ইরানের চিরপ্রতিদ্বন্দ্বী ইসরায়েলের সমর্থনপুষ্ট।
তবে সর্বশেষ হামলার বিষয়ে আইআরজিসি তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক দায় স্বীকার করেনি।
কোমালার ওপর সাম্প্রতিক সময়ের অন্যতম প্রাণঘাতী হামলাটি হয়েছিল গত ১৭ জুলাই। সুলাইমানিয়া শহরের কাছে ওই হামলায় গোষ্ঠীটির নয় সদস্য নিহত হন।