
স্তন ক্যানসার সম্পর্কে সচেতনতা বাড়ানোর উদ্যোগের অংশ হিসেবে ইংল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ম্যাচে গোলাপি জার্সি পরে মাঠে নেমেছে পাকিস্তান ক্রিকেট দল। রোববার (২৫ অক্টোবর) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে জাতীয় দলের প্রচলিত সবুজ জার্সির পরিবর্তে গোলাপি পোশাক পরেন পাকিস্তানের ক্রিকেটাররা।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) উদ্যোগে স্তন ক্যানসার সচেতনতা দিবস পালনের অংশ হিসেবে এ আয়োজন করা হয়। বিশ্বব্যাপী অক্টোবর মাসে পালিত স্তন ক্যানসার সচেতনতা কর্মসূচি ‘পিঙ্কটোবার’-এর সঙ্গে মিল রেখে নেওয়া এ উদ্যোগের লক্ষ্য রোগটি সম্পর্কে জনসচেতনতা বাড়ানো এবং প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ, নিয়মিত পরীক্ষা ও সময়মতো চিকিৎসার গুরুত্ব তুলে ধরা।
শুধু পাকিস্তানের ক্রিকেটাররাই নন, ইংল্যান্ড দলের সদস্য, ম্যাচ কর্মকর্তা ও ধারাভাষ্যকারেরাও এ উদ্যোগের প্রতি সংহতি জানিয়ে গোলাপি ফিতা পরেন। ম্যাচে ব্যবহৃত স্টাম্পেও রাখা হয় গোলাপি রং। পাশাপাশি স্টেডিয়ামজুড়ে সচেতনতামূলক গ্রাফিকস ও প্রচারণার ব্যবস্থা করে পিসিবি। ম্যাচের আগে ও পরে ডিজিটাল মাধ্যমেও এ বিষয়ে প্রচারের উদ্যোগ নেওয়া হয়।
পিসিবির বাণিজ্যিক বিভাগের পরিচালক আলি আদনান জায়েদি বলেন, কোটি মানুষের কাছে পৌঁছানোর ক্ষেত্রে ক্রিকেট একটি শক্তিশালী মাধ্যম। এই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে স্তন ক্যানসার নিয়ে অর্থবহ সচেতনতা ও জনসম্পৃক্ততা তৈরি করাই তাঁদের লক্ষ্য। বোর্ডের প্রধান পরিচালন কর্মকর্তা সুমাইর আহমেদ সৈয়দও দেশের ক্রিকেটের ব্যাপক জনপ্রিয়তা ও প্রভাবের সঙ্গে সংশ্লিষ্ট দায়িত্বের বিষয়টি তুলে ধরেন।
স্তন ক্যানসার সচেতনতায় গোলাপি জার্সি ব্যবহারের ঘটনা অবশ্য নতুন নয়। দক্ষিণ আফ্রিকা প্রতি বছর জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে ‘পিঙ্ক ডে’ ওয়ানডে আয়োজন করে। ওই ম্যাচে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা গোলাপি পোশাক পরে মাঠে নামেন।
২০২৪ সালে পাকিস্তানের বিপক্ষে পিঙ্ক ডে ম্যাচে ৩৬ রানে হেরেছিল দক্ষিণ আফ্রিকা। ২০২১ সালের ম্যাচে ফখর জামানের ১৯৩ রানের দুর্দান্ত ইনিংস সত্ত্বেও ১৭ রানে জয় পেয়েছিল স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।
গত বছরও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের অংশ হিসেবে একই ধরনের গোলাপি দিবসের আয়োজন করেছিল পাকিস্তান।
এ ছাড়া অস্ট্রেলিয়ার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে প্রতি বছর অনুষ্ঠিত হয় ‘পিঙ্ক টেস্ট’। অস্ট্রেলিয়ার সাবেক পেসার গ্লেন ম্যাকগ্রা ও তাঁর স্ত্রী জেন ম্যাকগ্রার প্রতিষ্ঠিত ক্যানসার সেবাবিষয়ক দাতব্য সংস্থা ম্যাকগ্রা ফাউন্ডেশনের সমর্থনে এ আয়োজন করা হয়।
সূত্র: ডন