
বিমানবন্দর ও রেলপথে পৃথক অভিযান চালিয়ে ভায়াগ্রা, ইনসুলিন, আমদানি-নিষিদ্ধ ত্বক ফর্সাকারী ক্রিম, বিদেশি সিগারেট, স্বর্ণালংকার, ল্যাপটপ, মুঠোফোন ও মদজাতীয় পানীয় জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। দুই দিনের এসব অভিযানে জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১৩ লাখ ৪০ হাজার ১০০ টাকা। পাশাপাশি চোরাচালানের নতুন কৌশল ও পণ্য পরিবহনের বিকল্প পথের সন্ধান পেয়েছেন কর্মকর্তারা।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
আন্তর্জাতিক ফ্লাইটে ওষুধ আনার কৌশল শনাক্ত
বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ১৩ ও ১৪ অক্টোবর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং কমলাপুর রেলওয়ে ফরেন পোস্ট অফিসে অভিযান চালানো হয়। এসব অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ও শুল্ক ফাঁকি দিয়ে আনা পণ্য উদ্ধার করা হয়।
১৪ অক্টোবর ইথিওপিয়ান এয়ারলাইনসের ইটি৬৮০ ফ্লাইটের যাত্রী জাহাঙ্গীরের ব্যাগেজ তল্লাশি করে ভায়াগ্রা ও ইনসুলিনসহ প্রায় ৫৬ কেজি ওষুধ জব্দ করেন শুল্ক গোয়েন্দারা।
এ ছাড়া বিমানবন্দরের ডাক বাছাই কেন্দ্র এবং কমলাপুরের রেলপথ ব্যবহার করে চট্টগ্রাম জেনারেল পোস্ট অফিসে (জিপিও) পণ্য পাঠানোর একটি পরিকল্পনার তথ্যও পাওয়া গেছে। এ প্রক্রিয়ায় ডাক ও রেলপথকে কাজে লাগিয়ে পণ্য পরিবহনের কৌশল অনুসরণ করা হচ্ছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
কমলাপুরে নিষিদ্ধ ক্রিম ও ব্যবহৃত ল্যাপটপ উদ্ধার
১৩ অক্টোবর কমলাপুর রেলওয়ে স্টেশনের ফরেন পোস্ট অফিসে অভিযান চালিয়ে আমদানি-নিষিদ্ধ ৭ হাজার ৭৮৭ পিস গৌরি ক্রিম এবং ৩১টি ব্যবহৃত ল্যাপটপ জব্দ করা হয়। পণ্যগুলো বিমানবন্দরের ডাক বাছাই কেন্দ্র ও কমলাপুরের আরএমএস কেন্দ্র হয়ে চট্টগ্রাম জিপিওতে পাঠানোর পরিকল্পনা ছিল বলে জানা গেছে।
একই দিন বিমানবন্দরে বিভিন্ন আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীদের ব্যাগেজ তল্লাশি করে ১০০ গ্রাম স্বর্ণালংকার, ল্যাপটপ, স্যামসাং গ্যালাক্সি এস২৫ এফইসহ বিভিন্ন মুঠোফোন, ২৮৮ কার্টন সিগারেট, ৪৬ কেজি নিষিদ্ধ ক্রিম এবং ১৭ লিটার মদ জব্দ করা হয়।
১৪ অক্টোবর থাই এয়ারওয়েজ, সালাম এয়ারসহ বিভিন্ন উড়োজাহাজের যাত্রীদের ব্যাগেজ এবং পরিত্যক্ত কার্টন তল্লাশি করে আরও ২৪৩ কার্টন সিগারেট, ৩৮ কেজি প্রসাধনসামগ্রী ও গৌরি ক্রিম উদ্ধার করেন কর্মকর্তারা।
দুই দিনের অভিযানে যত পণ্য জব্দ
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের হিসাব অনুযায়ী, দুই দিনের অভিযানে মোট ৫৩১ কার্টন বিদেশি সিগারেট, ৭ হাজার ৭৮৭ পিস আমদানি-নিষিদ্ধ গৌরি ক্রিম, বিমানবন্দর থেকে ৬৪ দশমিক ১৮ কেজি নিষিদ্ধ ত্বক ফর্সাকারী ক্রিম এবং ৬৮ কেজি অন্যান্য প্রসাধনসামগ্রী জব্দ করা হয়েছে।
এ ছাড়া ভায়াগ্রা ও ইনসুলিনসহ ৫৫ দশমিক ৮ কেজি ওষুধ, ১০০ গ্রাম স্বর্ণালংকার, ৩২টি ল্যাপটপ, তিনটি মুঠোফোন এবং ১৭ লিটার মদ ও অ্যালকোহলজাতীয় পানীয় উদ্ধার করা হয়েছে।
সব মিলিয়ে জব্দ করা পণ্যগুলোর আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১৩ লাখ ৪০ হাজার ১০০ টাকা।