
ইরানের সমর্থনপুষ্ট হুথি বিদ্রোহীরা আরও শক্তিশালী ও দীর্ঘপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির উদ্যোগ নিয়েছে। এ কাজে চীন থেকে সরবরাহ করা বিভিন্ন যন্ত্রাংশ ব্যবহার করা হচ্ছে। নতুন এসব ক্ষেপণাস্ত্রের মাধ্যমে সরাসরি সৌদি আরব ও ইসরাইলে হামলা চালানোর সক্ষমতা অর্জনই তাদের লক্ষ্য বলে এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
অস্ত্রের ব্যবহার, উৎপাদন ও সরবরাহব্যবস্থা নিয়ে গবেষণাকারী সংস্থা কনফ্লিক্ট আর্মামেন্ট রিসার্চের (সিএআর) এক অনুসন্ধানে এ তথ্য উঠে এসেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালও বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।
অনুসন্ধান অনুযায়ী, হুথিদের তৈরি করতে যাওয়া ক্ষেপণাস্ত্রগুলো ইরানের নির্মিত ‘খাইবার শেকান’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের নকশা অনুসরণ করছে। এটি নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। পাশাপাশি, উড্ডয়নের সময় গতিপথ পরিবর্তনের ক্ষমতা থাকায় ক্ষেপণাস্ত্রটি প্রতিপক্ষের আকাশ প্রতিরক্ষাব্যবস্থাকে ফাঁকি দেওয়ার সক্ষমতাও রাখে।