
সৌদি আরবের বিমানবন্দরে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলার ঘটনায় রিয়াদের প্রতি সংহতি প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সৌদি আরবের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় পাকিস্তানের সমর্থন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে শাহবাজ শরিফ সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর ও আবহা আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে হামলার নিন্দা জানান। তাঁর দাবি, এসব হামলায় বেসামরিক মানুষ নিহত ও আহত হয়েছেন।
হামলা প্রতিহত করতে সৌদি সামরিক বাহিনী ও দেশটির নেতৃত্বাধীন জোটের ভূমিকার প্রশংসা করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। বিশেষ করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার ক্ষেত্রে তাদের তৎপরতার কথা উল্লেখ করেন তিনি।
শাহবাজ শরিফ বলেন, মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি এবং কৌশলগত রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটির সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী সৌদি আরবের নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি পাকিস্তানের অঙ্গীকার অটুট রয়েছে।
তিনি আরও বলেন, নিজেদের জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং শহর ও গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষায় সৌদি আরবের বৈধ আত্মরক্ষার অধিকারের প্রতি পাকিস্তানের পূর্ণ সমর্থন রয়েছে।
একই সঙ্গে হুথি বিদ্রোহীদের অবিলম্বে এ ধরনের হামলা বন্ধ করার আহ্বান জানান শাহবাজ শরিফ। সৌদি আরবের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন তিনি।
সৌদি আরবের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার ঘটনায় পাকিস্তানের এ অবস্থান দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্ক ও প্রতিরক্ষা সহযোগিতার বিষয়টি সামনে এনেছে।