
রাজধানীতে অপরাধ দমনে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সমন্বিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র, মোবাইল ফোন ও নগদ টাকা জব্দের পাশাপাশি একজন ভুক্তভোগীকে উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তারদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৫১টি মামলা করা হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।
ডিএমপির বিভাগভিত্তিক হিসাব অনুযায়ী, সবচেয়ে বেশি গ্রেপ্তার করা হয়েছে মিরপুর বিভাগে—১২৪ জন। এ ছাড়া তেজগাঁও বিভাগে ৯০ জন, ওয়ারী বিভাগে ৭১ জন, উত্তরা বিভাগে ৫১ জন, মতিঝিল বিভাগে ৪৯ জন, লালবাগ বিভাগে ৪১ জন, গুলশান বিভাগে ৩২ জন এবং রমনা বিভাগে ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে গ্রেপ্তার হয়েছেন একজন।
অভিযানে উদ্ধার করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ১ কেজি ১৬০ গ্রাম গাঁজা, ২ হাজার ২৩৭ পিস ইয়াবা ও ২০ বোতল ফেনসিডিল। এ ছাড়া আটটি মোবাইল ফোন, একটি চাপাতি ও নগদ ৩৫ হাজার টাকা জব্দ করা হয়েছে। অভিযানের সময় অপরাধীদের কবল থেকে একজন ভুক্তভোগীকে নিরাপদে উদ্ধার করে পুলিশ।
ডিএমপি জানিয়েছে, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে এ অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।