
হংকংয়ের মডেল ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অ্যাবি চোই হত্যার বিচার চলাকালে আদালতে তার দেহ খণ্ডিত করার ভয়াবহ বিবরণ উঠে এসেছে। প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হয়েছে, অ্যাবির খুলি গাজর ও অন্যান্য সবজি থাকা একটি স্যুপের বড় পাত্রের ভেতর পাওয়া গিয়েছিল। তার দুই পা উদ্ধার করা হয় ওই হত্যাকাণ্ডের জন্য ভাড়া নেওয়া একটি বাসার ফ্রিজ থেকে।
যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ইনডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাবি চোই হত্যার ঘটনায় তার সাবেক স্বামী অ্যালেক্স কোয়ং, সাবেক শ্বশুর কোয়ং কাউ এবং দেবর অ্যান্থনি কোয়ংয়ের বিরুদ্ধে মামলা চলছে। বুধবার হংকংয়ের হাইকোর্টে তিন আসামিই হত্যার অভিযোগ অস্বীকার করে নিজেদের নির্দোষ দাবি করেন।
প্রসিকিউশনের ভাষ্য অনুযায়ী, ২০২৩ সালের ফেব্রুয়ারিতে একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট বিক্রি নিয়ে বিরোধের জেরে অ্যাবিকে হত্যার পরিকল্পনা করা হয়। ২৮ বছর বয়সী অ্যাবি ২১ ফেব্রুয়ারি নিখোঁজ হন। তিন দিন পর হংকংয়ের তাই পো এলাকার একটি ভাড়া বাসা থেকে তার দেহের খণ্ডিত অংশ উদ্ধার করা হয়। তদন্তকারীদের ধারণা, বাসাটি অস্থায়ী কসাইখানার মতো ব্যবহার করা হয়েছিল।
ওই বাসা থেকে পুলিশ মাংস কাটার সরঞ্জাম, বৈদ্যুতিক করাত ও পোশাক উদ্ধার করে। বাসাটি ভাড়া নিয়েছিলেন অ্যাবির সাবেক শ্বশুর কোয়ং কাউ।
মামলার শুরুতে প্রসিকিউটর শার্লট ড্রেকটস্ক আদালতকে বলেন, কোয়ং কাউ তার দুই ছেলেকে নিয়ে অ্যাবিকে হত্যার পরিকল্পনা করেন। এর পেছনে কারণ হিসেবে তিনি অ্যাবির মালিকানাধীন কাদোরিয়া আবাসিক এলাকার একটি বিলাসবহুল ফ্ল্যাটের নিয়ন্ত্রণ ধরে রাখার বিষয়টি উল্লেখ করেন।
আদালতে বলা হয়, হো ম্যান টিনের কাদোরিয়া আবাসিক এলাকার ওই ফ্ল্যাটটির মূল্য ছিল ৭ কোটি ২০ লাখ হংকং ডলার। ২০১৯ সালে অ্যাবি এটি ৬ কোটি হংকং ডলারে কিনেছিলেন। সন্তানদের বাবার পরিবারের দাদা-দাদির কাছে রাখার সুবিধার জন্যই তিনি ফ্ল্যাটটি কিনেছিলেন বলে আদালতে জানানো হয়।
প্রসিকিউশনের দাবি, একাধিক সম্পত্তির মালিকদের জন্য প্রযোজ্য বেশি স্ট্যাম্প ডিউটি এড়াতে অ্যাবি ফ্ল্যাটটি কোয়ং কাউয়ের নামে নিবন্ধন করেছিলেন।
শুনানিতে অ্যাবির মায়ের কাছে পাঠানো একটি ব্যক্তিগত অডিও বার্তাও শোনানো হয়। সেখানে সাবেক শ্বশুরবাড়ির সদস্যদের নিয়ে বিরূপ মন্তব্য করেছিলেন অ্যাবি। কোয়ং কাউকে ‘প্রতারক’ এবং তার স্ত্রীকে ‘ভূত’ বলেও উল্লেখ করেন তিনি। পরিবারের সদস্যদের জন্য নিজের আর্থিক সহযোগিতা নিয়েও অনুশোচনা প্রকাশ করেছিলেন অ্যাবি।
পরে অ্যাবি কোয়ং কাউকে ওই ফ্ল্যাট থেকে বের করে দেন। তার অভিযোগ ছিল, কোয়ং কাউ তাকে ও তার দুই সন্তানের মধ্যে দূরত্ব তৈরির চেষ্টা করছিলেন। এরপর কোয়ং কাউ তার বড় ছেলের সঙ্গে শুং ম্যান কোর্টের একটি এক বেডরুমের ফ্ল্যাটে বসবাস শুরু করেন।
প্রসিকিউশনের অভিযোগ, ২০২৩ সালে পারিবারিক বিরোধ চূড়ান্ত পর্যায়ে পৌঁছালে কাদোরিয়ার ফ্ল্যাটটি নিজেদের নিয়ন্ত্রণে রাখার জন্য অ্যাবিকে হত্যার পরিকল্পনা করা হয়। মামলার আইনজীবী বলেন, অ্যাবির বাবা-মা আর্থিকভাবে সচ্ছল ছিলেন এবং তার নতুন সঙ্গী ক্রিস টামের পরিবারও ধনী ছিল। বিপরীতে কোয়ং পরিবার তুলনামূলকভাবে কম সচ্ছল ছিল। প্রসিকিউশনের ভাষ্য অনুযায়ী, অর্থনৈতিক বিষয়টি হত্যাকাণ্ডের অন্যতম প্রধান কারণ।
আদালতে বলা হয়, পরিকল্পিত হত্যাকাণ্ডে তিন আসামির আলাদা ভূমিকা ছিল। এর মধ্যে একটি বাসা ভাড়া নেওয়া এবং অ্যাবিকে গাড়িতে করে নির্জন স্থানে নিয়ে যাওয়ার বিষয়ও ছিল। প্রসিকিউশনের দাবি, তিনজন একসঙ্গে পরিকল্পনা বাস্তবায়নে যুক্ত থাকলে সরাসরি কে হত্যাটি করেছেন, সেটি গুরুত্বপূর্ণ নয়।
মামলার শুনানিতে অ্যাবির দেহ উদ্ধারের আরও কিছু তথ্য প্রকাশ করা হয়। প্রসিকিউশনের ভাষ্য অনুযায়ী, তার খুলি গাজর ও অন্যান্য সবজি থাকা একটি বড় পাত্রে পাওয়া যায়। আর তার দুই পা পাওয়া যায় ভাড়া করা বাসাটির একটি ফ্রিজের ভেতর।
ধনী পরিবারে বেড়ে ওঠা অ্যাবি ১৮ বছর বয়সে অ্যালেক্স কোয়ংকে বিয়ে করেন। তাদের দুই সন্তান ছিল। পরে বিচ্ছেদ হলেও অ্যালেক্সের পরিবারের সদস্যদের আর্থিকভাবে সহায়তা অব্যাহত রেখেছিলেন তিনি। পরবর্তী সময়ে দ্বিতীয় সঙ্গীর সঙ্গে তার আরও দুই সন্তান হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ফ্যাশন শো, ফটোশুট ও বিলাসবহুল জীবনযাপনের বিভিন্ন ছবি প্রকাশ করতেন অ্যাবি। মৃত্যুর কয়েক দিন আগেও প্যারিস ফ্যাশন উইকে ক্রিশ্চিয়ান ডিওরের একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার ছবি প্রকাশ করেছিলেন তিনি।
এর আগে পুলিশ জানিয়েছিল, অ্যাবির দেহের কিছু অংশ হয়তো ঘটনাস্থল থেকে সরিয়ে ফেলা হয়েছিল। পুলিশ কর্মকর্তা অ্যালান চুং বলেছিলেন, দেহের খণ্ডিত অংশগুলো অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে বলে তারা ধারণা করছেন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, হত্যার পর রক্তের দাগ আড়াল করতে অভিযুক্তরা বাসাটির দেয়াল ত্রিপল দিয়ে ঢেকে রেখেছিল। দেহ খণ্ডিত করার সময় রক্ত যাতে পোশাকে না লাগে, সে জন্য মুখের ঢাল ও রেইনকোটও ব্যবহার করা হয়েছিল।
হংকংয়ের হাইকোর্টে মামলাটির শুনানি আরও প্রায় আট সপ্তাহ চলতে পারে। শুক্রবারও প্রসিকিউশন তাদের বক্তব্য উপস্থাপন অব্যাহত রাখার কথা রয়েছে।