
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে তিন দিনের রাষ্ট্রীয় সফরে ওয়াশিংটনে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি চিনপিং। বুধবার জয়েন্ট বেস অ্যান্ড্রুজে শি ও তাঁর স্ত্রী পেং লিয়ুয়ানকে স্বাগত জানান ট্রাম্প দম্পতি।
ভারতীয় সংবাদমাধ্যম এএনআই জানিয়েছে, সফরের প্রধান কর্মসূচির মধ্যে রয়েছে ট্রাম্পের সঙ্গে শি চিনপিংয়ের বৈঠক। ছয় মাসেরও কম সময়ের মধ্যে দুই নেতার এটি দ্বিতীয় বৈঠক।
বৈঠকে যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য, প্রযুক্তি, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ এবং দুই দেশের সামগ্রিক সম্পর্ক নিয়ে আলোচনা হতে পারে। বিশেষ গুরুত্ব পেতে পারে দুই দেশের চলমান শুল্ক যুদ্ধবিরতির বিষয়টিও।
গত অক্টোবরে বুসান শীর্ষ বৈঠকে যুক্তরাষ্ট্র ও চীন শুল্ক নিয়ে চলমান বিরতিতে সম্মত হয়েছিল। আগামী নভেম্বরে ওই চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। তাই যুদ্ধবিরতির মেয়াদ আরও বাড়ানো হবে কি না, তা নিয়েও দুই নেতা আলোচনা করতে পারেন।
এ ছাড়া চিপ রপ্তানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের দেওয়া বর্তমান অনুমতিপত্র নিয়েও আলোচনার সম্ভাবনা রয়েছে। তবে এসব বিষয়ে বৈঠকের আগে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।