
ভারতের উত্তর প্রদেশে ঘুমন্ত যাত্রীদের নিয়ে চলন্ত একটি স্লিপার বাসে আগুন লেগে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন নারীও রয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোরে গ্রেটার নয়ডার যমুনা এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বাসটি নয়ডা থেকে মহোবার উদ্দেশে যাচ্ছিল। দুর্ঘটনার সময় বাসটিতে ৩৪ জনের বেশি যাত্রী ছিলেন।
ভোরে হঠাৎ বাসটিতে আগুন ধরে গেলে অধিকাংশ যাত্রী তখন ঘুমিয়ে ছিলেন। আগুন দেখতে পেয়ে অনেক যাত্রী জানালা দিয়ে লাফিয়ে বের হওয়ার চেষ্টা করেন। এতে ঘটনাস্থলে আতঙ্ক ও বিশৃঙ্খলা তৈরি হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট এবং জেওয়ার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আগুন কীভাবে বাসে ছড়িয়ে পড়ল, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঘটনার খবর পেয়ে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শোক প্রকাশ করেছেন। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি।
এদিকে দুর্ঘটনার কারণ জানতে তদন্তের পাশাপাশি ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধার কার্যক্রম চলছে।