
মধ্যপ্রাচ্যের সংঘাতে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকসকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। শনিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৮তম ব্রিকস সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি বলেন, চলমান যুদ্ধ আন্তর্জাতিক সম্প্রদায়ের অভিন্ন স্বার্থের পরিপন্থী।
একই সঙ্গে শি জিনপিং জানান, আগামী বছর অর্থাৎ ২০২৭ সালে ব্রিকসের সভাপতিত্ব করবে চীন। একই বছর দেশটিতেই অনুষ্ঠিত হবে জোটটির ১৯তম সম্মেলন। শনিবার চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ব্রিকসকে গ্লোবাল সাউথের একটি ‘প্রধান জোট’ হিসেবে উল্লেখ করে শি জিনপিং বলেন, উদীয়মান ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে স্বনির্ভরতার মডেল হিসেবে ব্রিকসকে উদ্ভাবননির্ভর উন্নয়ন এগিয়ে নিতে হবে।
ব্রিকসের সদস্য দেশগুলো হলো ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, মিসর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরান ও সংযুক্ত আরব আমিরাত। ২০০৯ সালে ব্রাজিল, রাশিয়া, ভারত ও চীনকে নিয়ে জোটটির যাত্রা শুরু হয়। পরে এতে আরও দেশ যুক্ত হয়।
বর্তমানে ব্রিকসের সদস্য দেশগুলো বিশ্বের মোট জনসংখ্যার ৪০ শতাংশের বেশি এবং বৈশ্বিক অর্থনীতির প্রায় এক-চতুর্থাংশের প্রতিনিধিত্ব করে।