
মালয়েশিয়ায় অবস্থানরত ইসলামি বক্তা জাকির নায়েককে ভারতের কাছে প্রত্যর্পণের বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
শনিবার (১২ সেপ্টেম্বর) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।
আনোয়ার ইব্রাহিম বলেন, বৈঠকে এ বিষয়টি অবশ্যই আলোচনায় এসেছে। দুই দেশের স্বার্থ রক্ষায় বিষয়টি গোপন রাখা প্রয়োজন বলে তারা মনে করেছেন। একই সঙ্গে পারস্পরিক আস্থা ও দুই দেশের সম্পর্ক আরও জোরদার করাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
জাকির নায়েকের প্রত্যর্পণের বিষয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, ভারত যে তাকে প্রত্যর্পণের দাবি জানাচ্ছে, তা তারা বুঝতে পারছেন। তবে এ বিষয়ে অত্যন্ত সতর্কতার সঙ্গে এগোতে হবে। আইনের শাসনের প্রতি শ্রদ্ধা এবং দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের গুরুত্বও বিবেচনায় রাখতে হবে।
ভারতে অর্থপাচার ও বিদ্বেষমূলক বক্তব্যের অভিযোগের মুখে থাকা জাকির নায়েক বর্তমানে মালয়েশিয়ায় স্থায়ী বাসিন্দা হিসেবে বসবাস করছেন। ২০১৬ সালে ভারতীয় কর্তৃপক্ষ তার এবং তার প্রতিষ্ঠান ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন ও পিস টিভির বিরুদ্ধে তদন্ত শুরু করার পর তিনি মালয়েশিয়ায় চলে যান। পরে দেশটিতে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পান।
ভারত দীর্ঘদিন ধরে জাকির নায়েকের প্রত্যর্পণ দাবি করে আসছে। তবে মালয়েশিয়া জানিয়েছে, সুনির্দিষ্ট ও বিশ্বাসযোগ্য প্রমাণ এবং যথাযথ আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হলে তারা এ বিষয়ে সহযোগিতার বিষয়টি বিবেচনা করবে।
এর আগে পর্যাপ্ত প্রমাণের অভাব দেখিয়ে জাকির নায়েকের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে অস্বীকৃতি জানিয়েছিল ইন্টারপোল।