
জাতির কাঁধে অপসংস্কৃতি চেপে বসেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, প্রতিটি জাতির নিজস্ব সক্রিয় সংস্কৃতি থাকে। নিজস্ব সংস্কৃতির লালন ও ধারণে আমরা অনেক ক্ষেত্রে পিছিয়ে পড়েছি। এর সুযোগে অপসংস্কৃতি আমাদের ওপর চেপে বসেছে, যা রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় সাংস্কৃতিক আধিপত্যবাদ।
শুক্রবার রাজধানীর জাতীয় জাদুঘরে ‘দেশীয় সাংস্কৃতিক সংসদ’ আয়োজিত নাতে রাসূল (সা.) প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শফিকুর রহমান বলেন, সাংস্কৃতিক অধঃপতনের কারণে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। যার কাছ থেকে শিখব, তাঁকে সম্মান করতে হবে। কিন্তু এখন আমাদের সংস্কৃতি কী শিক্ষা দিচ্ছে? কলেজের অধ্যক্ষকে টেনে-হিঁচড়ে পুকুরে ফেলে দেওয়ার মতো ঘটনাও ঘটছে। এটি অপসংস্কৃতির প্রভাব।
তিনি বলেন, সন্তানদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে হলে সুস্থ সংস্কৃতির চর্চা করতে হবে। পরিবার ও সমাজে ইতিবাচক সাংস্কৃতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য মতিউর রহমান আকন্দ, লেখক ও সম্পাদক আবুল আসাদ এবং ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুল এমপি।
এদিকে ১৩ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ‘রোড টু সিরাহ-২০২৬’ প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। সিরাতুন্নবী (সা.) উপলক্ষে শুক্রবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডা. শফিকুর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আল্লামা কামাল উদ্দিন আব্দুল্লাহ জাফরী, তামিরুল মিল্লাত মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা জয়নুল আবেদিন, বিরোধীদলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান এবং ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক শামছুল আলমসহ অনেকে।