
বিশ্বের বিভিন্ন দেশে ইসরায়েলিদের ওপর সশস্ত্র গোষ্ঠী কিংবা ব্যক্তিগতভাবে হামলার আশঙ্কা তৈরি হয়েছে বলে সতর্ক করেছে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা কাউন্সিল। নতুন এই সতর্কবার্তায় বাংলাদেশসহ কয়েকটি দেশে ইসরায়েলিদের ভ্রমণ ও অবস্থানের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইহুদিদের সামনে আসন্ন পবিত্র দিনগুলোকে কেন্দ্র করে ইসরায়েলিদের বিরুদ্ধে হামলার আশঙ্কা বাড়তে পারে বলে মূল্যায়ন করেছে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা কাউন্সিল।
সংস্থাটি মনে করছে, ইসরায়েলের সঙ্গে ইরান, লেবাননের হিজবুল্লাহ এবং ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের চলমান সংঘাতের কারণে বিশ্বের বিভিন্ন স্থানে ইসরায়েলিদের নিরাপত্তাঝুঁকি আরও বেড়েছে।
এ ছাড়া ২০২৬ সালের অক্টোবরে হামাসের হামলার তিন বছর পূর্তিকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন দেশে বড় ধরনের বিক্ষোভ হওয়ার সম্ভাবনাও রয়েছে বলে সতর্ক করেছে জাতীয় নিরাপত্তা কাউন্সিল। এসব বিক্ষোভের কিছু অংশ ইসরায়েলিদের লক্ষ্য করে সহিংসতায় রূপ নিতে পারে বলে আশঙ্কা করছে সংস্থাটি।
ইউরোপ ও আফ্রিকাতেও হামলার আশঙ্কা
ইসরায়েলি নিরাপত্তা সংস্থাটি জানিয়েছে, ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে ইসরায়েলিদের ওপর হামলা চালানোর চেষ্টা করছে হামাস। একই সঙ্গে আফ্রিকা মহাদেশে ইসরায়েলিদের লক্ষ্য করে হামলা চালানোর কথা হুতিরাও জানিয়েছে বলে সতর্ক করেছে সংস্থাটি।
জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মূল্যায়নে, ইরানের আশপাশের দেশগুলো ইসরায়েলিদের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ স্থানগুলোর মধ্যে রয়েছে। এসব দেশের মধ্যে আজারবাইজান, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতকে বিশেষভাবে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
ইসরায়েলিদের জন্য জর্ডান, কাতার, সোমালিল্যান্ড এবং মিসরকেও ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে উল্লেখ করা হয়েছে। মিসরের ক্ষেত্রে সিনাই উপত্যকাকেও সতর্কতার আওতায় রাখা হয়েছে।
এসব দেশে ইসরায়েলিদের ভ্রমণ না করার পরামর্শ দেওয়ার পাশাপাশি সেখানে বর্তমানে অবস্থানরত ইসরায়েলিদের সেসব দেশ থেকে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কোনো ইসরায়েলির ভ্রমণসূচিতে এসব দেশে বিমানের ট্রানজিট থাকলে বিমানবন্দর থেকে বের না হওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।
যেসব দেশে ভ্রমণ আইনিভাবে নিষিদ্ধ
ইসরায়েলের জাতীয় নিরাপত্তা কাউন্সিল আরও জানিয়েছে, ইরাক, কুর্দিস্তান, ইয়েমেন, ইরান, সিরিয়া, লেবানন ও সৌদি আরবে ইসরায়েলিদের ভ্রমণ আইনিভাবে নিষিদ্ধ।
সংস্থাটি বলেছে, এই ভ্রমণ নিষেধাজ্ঞা শুধু ইসরায়েলি নাগরিকদের ক্ষেত্রেই নয়, দ্বৈত নাগরিকত্ব থাকা ব্যক্তিদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।
বাংলাদেশসহ আরও ছয় দেশ ঝুঁকিপূর্ণ তালিকায়
এদিকে বাংলাদেশকেও ইসরায়েলিদের জন্য ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে তালিকাভুক্ত করেছে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা কাউন্সিল।
বাংলাদেশের পাশাপাশি পাকিস্তান, আফগানিস্তান, লিবিয়া, আলজেরিয়া ও সোমালিয়াকেও ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় রাখা হয়েছে। এসব দেশে ইসরায়েলিদের ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে সংস্থাটি।
সূত্র: জেরুজালেম পোস্ট