
পশ্চিম আফ্রিকার দেশ কেপ ভার্দের ফোগো দ্বীপে পাহাড়ি সড়ক থেকে একটি বাস প্রায় ৩০ মিটার গভীর খাদে পড়ে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের অনেকেই স্কুলশিক্ষার্থী ও কিশোর-কিশোরী। দুর্ঘটনায় আহত কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (৬ সেপ্টেম্বর) দেশটির জাতীয় সংবাদ সংস্থা ইনফোরপ্রেস দুর্ঘটনা ও হতাহতের তথ্য জানায়। স্থানীয় সময় শনিবার রাতে ফোগোর উত্তরাঞ্চলের একটি পাহাড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে।
ইনফোরপ্রেস জানিয়েছে, বাসটি সড়ক থেকে ছিটকে প্রায় ৩০ মিটার নিচে একটি গভীর খাদে পড়ে যায়। বাসের যাত্রীদের অনেকেই প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।
আহত কয়েকজনকে ফোগোর সাও ফ্রান্সিসকো দে আসিস আঞ্চলিক হাসপাতালে নেওয়া হয়েছে।
শিক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, ভ্রমণটির আয়োজন কোনো স্কুল করেনি। বাসচালক প্রতিবছর ব্যক্তিগত উদ্যোগে এ ভ্রমণের আয়োজন করতেন। দুর্ঘটনায় তিনিও নিহত হয়েছেন।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনায় নিহতদের মধ্যে সাতজনের মরদেহ রোববারই দাফন করা হয়েছে। মরদেহের অবস্থার কারণে দ্রুত দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়।
কেপ ভার্দের প্রেসিডেন্ট জোসে মারিয়া পেরেইরা নেভেস এক বিবৃতিতে দুর্ঘটনাটিকে ‘বড় বিপর্যয়’ হিসেবে উল্লেখ করেছেন।
তবে দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি।