
নিজেদের শুরু করা যুদ্ধের ক্ষয়ক্ষতির বোঝা অন্য দেশগুলোর ওপর চাপানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র—এমন অভিযোগ করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বাঘেই বলেন, ইরানবিরোধী যুদ্ধের কারণে যে অস্থিরতা তৈরি হয়েছে, এখন তার দায় তেহরানের ওপর চাপানোর চেষ্টা করছে ওয়াশিংটন।
তিনি বলেন, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর আগে হরমুজ প্রণালি পুরোপুরি খোলা ছিল।
বাঘেইয়ের দাবি, যুক্তরাষ্ট্রের ‘অবৈধ ও নৃশংস যুদ্ধের’ কারণে বাণিজ্যিক জাহাজ চলাচল ব্যাহত হয়েছে, তেলবাহী ট্যাংকারের চলাচল বন্ধ হয়েছে এবং বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়েছে।
তিনি অভিযোগ করেন, ‘যুক্তরাষ্ট্রই এই সংঘাত শুরু করেছে। কিন্তু এখন যুদ্ধের অর্থনৈতিক ক্ষতির বোঝা বিশ্বের অন্য দেশগুলোর ওপর চাপানোর চেষ্টা করছে। একই সঙ্গে সৃষ্ট সংকটের জন্য ইরানকে দায়ী করা হচ্ছে।’
হরমুজ প্রণালি ঘিরে সাম্প্রতিক সময়ে উত্তেজনা আরও বেড়েছে। যুক্তরাষ্ট্র ইরানের ওপর নৌ অবরোধ ও কঠোর অর্থনৈতিক চাপ বাড়িয়েছে, অন্যদিকে তেহরানও জলপথটি নিয়ে নিজেদের অবস্থান কঠোর করেছে।
তথ্যসূত্র: মিডল ইস্ট আই