
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়েছে। ৬ সেপ্টেম্বর পর্যন্ত দেশের মোট রিজার্ভ দাঁড়িয়েছে ৩৬ হাজার ৩৮৫ দশমিক ৯২ মিলিয়ন বা ৩৬ দশমিক ৩৮ বিলিয়ন ডলারে।
রোববার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের যুগ্ম পরিচালক মোহাম্মদ ইব্রাহিম মুনসি এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী দেশের রিজার্ভের পরিমাণ ৩১ হাজার ৪৭৪ দশমিক ৯০ মিলিয়ন বা ৩১ দশমিক ৪৭ বিলিয়ন ডলার।
এদিকে চলতি সেপ্টেম্বরের প্রথম পাঁচ দিনে দেশে ৪৩ কোটি ৫৯ লাখ ডলারের প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে। প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে দেশীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ৫ হাজার ৩৬১ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।