
ইরানের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেই বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক ও অর্থনৈতিক নৌপথ হরমুজ প্রণালির নাম পরিবর্তন করে ‘ট্রাম্প প্রণালি’ রাখার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘এখন যখন এটি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে এসেছে, তখন আমাদের কি হরমুজ প্রণালির নাম বদলে ট্রাম্প প্রণালি রাখা উচিত? আমেরিকার মতোই এটি আগের যেকোনো সময়ের চেয়ে বেশ উত্তপ্ত হবে।’
ভৌগোলিক স্থানের নাম পরিবর্তনের বিষয়ে ট্রাম্পের এটি সর্বশেষ পদক্ষেপ। এর আগে গত সপ্তাহে কানাডার সঙ্গে বাণিজ্যিক বিরোধের প্রেক্ষাপটে তিনি লেক অন্টারিওর নাম পরিবর্তন করে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ দেন। এছাড়া ২০২৫ সালের জানুয়ারিতে দ্বিতীয়বার দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই মেক্সিকো উপসাগরের নাম বদলে ‘আমেরিকা উপসাগর’ রাখেন তিনি।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে ৮০ বছর বয়সী এই মার্কিন প্রেসিডেন্ট হরমুজ প্রণালির ওপর সার্বভৌমত্ব প্রতিষ্ঠার হুমকিও দিয়ে আসছেন। একই সঙ্গে এটিকে যুক্তরাষ্ট্রের নতুন ভূখণ্ড হিসেবে উপস্থাপন করে একটি মানচিত্রও পোস্ট করেছেন তিনি।
এদিকে, ফেব্রুয়ারি মাসের শেষ দিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের শুরু করা যুদ্ধের পাল্টা জবাবে ইরান কার্যত হরমুজ প্রণালি অবরুদ্ধ করে রেখেছে। বিশ্বের মোট তেল পরিবহনের প্রায় পাঁচ ভাগের এক ভাগ এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে সরবরাহ করা হয়।
ট্রাম্পের দাবি, ইরান নতুন করে সেখানে মাইন স্থাপনের চেষ্টা করায় মঙ্গলবার হরমুজ প্রণালির কাছাকাছি এলাকায় পুনরায় বিমান হামলা চালায় মার্কিন বাহিনী। এর পরিপ্রেক্ষিতে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আবারও বাড়তে শুরু করেছে।