
ইরান পারমাণবিক কর্মসূচি পুনর্গঠনের চেষ্টা করলে ওয়াশিংটনের সঙ্গে কোনো চুক্তি থাকলেও দেশটিতে আবারও হামলা চালানো হবে বলে সতর্ক করেছেন ইসরায়েলের জ্বালানিমন্ত্রী এলি কোহেন।
শনিবার (৩০ আগস্ট) এক প্রতিবেদনে কোহেনের দেওয়া সাক্ষাৎকারের বরাতে এ তথ্য জানানো হয়েছে।
সাক্ষাৎকারে ইরানের সঙ্গে যুদ্ধ প্রসঙ্গে এলি কোহেন বলেন, ‘ইরান যদি ভুল করে এবং তাদের পারমাণবিক কর্মসূচি বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি পুনরুজ্জীবিত করার চেষ্টা করে, এমনকি আমেরিকার সঙ্গে চুক্তি থাকলেও আমরা সেখানে হামলা চালাব।’
এলি কোহেনের দাবি, ইসরায়েল হামলা না চালালে ইরান এরই মধ্যে পারমাণবিক অস্ত্র অর্জন করে ফেলত। ইসরায়েলি গোয়েন্দা সংস্থার মূল্যায়নের কথা উল্লেখ করে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি দুই থেকে চার বছর পিছিয়ে গেছে।
ইসরায়েলের সামরিক সক্ষমতার কথা উল্লেখ করে দেশটির এই মন্ত্রী বলেন, তারা ইতোমধ্যে নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়েছে।