
বিশ্বজুড়ে মুসলিমদের মধ্যে বিভেদ সৃষ্টি করাই শত্রুপক্ষের প্রধান উদ্দেশ্য বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি।
শনিবার (৩০ আগস্ট) এক লিখিত বিবৃতিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইঙ্গিত করে তিনি বলেন, ইরানসহ প্রতিটি মুসলিম দেশে বর্ণ, সংস্কৃতি, সমাজ, অর্থনীতি ও রাজনীতির বৈচিত্র্যকে নিজেদের স্বার্থে দ্বন্দ্ব তৈরির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায় তারা।
মোজতবা খামেনি সতর্ক করে বলেন, শত্রু গোষ্ঠী ইসলামিক উম্মাহর বিভাজন এবং শক্তি হ্রাসের দিকে নজর রাখছে, যাতে সুযোগ বুঝে আধিপত্য বিস্তার করা যায়। মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিভেদ তৈরি করে—এমন যেকোনো পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
মুসলিম বিশ্বের ঐক্যের গুরুত্ব তুলে ধরে খামেনি প্রশ্ন করেন, মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ থাকলে ফিলিস্তিনের জনগণ কি এতটা অসহায় ও নিপীড়িত অবস্থায় থাকত? একই সঙ্গে তিনি বলেন, ফার্স উপসাগরীয় দেশগুলো যদি ইসলামের পতাকাতলে ঐক্যবদ্ধ থাকত, তাহলে হাজার মাইল দূরের কোনো দখলদার শক্তি তাদের সম্পদের প্রতি লোভ দেখানোর সাহস পেত না।
মুসলিম রাষ্ট্রগুলোর প্রধানদের উদ্দেশে তিনি প্রকৃত শত্রুকে চিহ্নিত করার পাশাপাশি তাদের পরিকল্পনা বুঝে মোকাবিলা করার আহ্বান জানান। আমেরিকার অপরাধী শাসক ও জায়নবাদী শাসনব্যবস্থাকে এই বন্ধনের প্রধান শত্রু হিসেবে উল্লেখ করেন তিনি।
খামেনি জোর দিয়ে বলেন, তারা শুধু ইরান কিংবা প্রতিরোধ ফ্রন্টের শত্রু নয়; পশ্চিম এশিয়া ও উত্তর আফ্রিকার প্রতিটি মুসলিম জনগোষ্ঠীর জন্যও তারা বড় ধরনের হুমকি।