
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে গত দুই বছরে তিন দফা হত্যাচেষ্টার ঘটনার পর জনসম্মুখ এড়িয়ে অনেকটাই একাকী জীবনযাপন করছেন তার ২০ বছর বয়সী ছেলে ব্যারন ট্রাম্প। শুক্রবার (২৮ আগস্ট) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
নিউ ইয়র্ক ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ব্যারন সাধারণত প্রকাশ্যে আসা এড়িয়ে চলেন। চলতি গ্রীষ্মের বেশিরভাগ সময় তিনি নিউ জার্সির বেডমিনস্টারে অবস্থিত ট্রাম্প ন্যাশনাল গলফ ক্লাবে মা মেলানিয়া ট্রাম্পের সঙ্গে কাটিয়েছেন বলে জানা গেছে।
ট্রাম্পের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, ব্যারন খুব একটা বাইরে বের হন না এবং নিজেকে সাধারণ মানুষের নজর থেকে দূরে রাখতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন।
রক্ষণশীল অ্যাক্টিভিস্ট চার্লি কার্ক হত্যার ঘটনাটিও ব্যারনের ওপর গভীর প্রভাব ফেলেছে বলে জানা গেছে। বাবাকে ওই ঘটনার খবর দেওয়ার সময় ব্যারন বলেছিলেন, ‘বাইরে বের হলে এটাই ঘটে।’
ব্যারনের ব্যক্তিগত জীবন নিয়ে সংবাদমাধ্যমে তথ্য প্রকাশ না করার অনুরোধ জানিয়েছে মেলানিয়া ট্রাম্পের দপ্তর। একই সঙ্গে ছেলের নিজেকে আড়ালে রাখার সিদ্ধান্তকে ফার্স্ট লেডি সমর্থন করছেন বলেও জানানো হয়েছে।
এদিকে সম্প্রতি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে ব্যারন ট্রাম্পকে নিয়ে ‘হোয়ার টু কিল ব্যারন ট্রাম্প’ শিরোনামে একটি ভিডিও প্রচার করা হয়। সেখানে তাকে হত্যার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণার কথাও বলা হয়। এর আগে মেলানিয়া ট্রাম্পকে লক্ষ্য করে তৈরি একটি ভিডিওর শেষেও ব্যারনকে উদ্দেশ করে বলা হয়েছিল, ‘এটি কেবল শুরু, ব্যারন ট্রাম্প আমাদের জন্য অপেক্ষা করো।’
সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন সিক্রেট সার্ভিসের মুখপাত্র নেট হেরিং জানান, তারা ব্যারনকে ঘিরে দেওয়া হুমকির বিষয়ে অবগত এবং বিষয়টি তদন্ত করছে।
তবে লেবাননের আল মানার টিভিকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের নিরাপত্তা প্রধান মহসিন রেজাই ব্যারনকে হত্যার এমন কোনো চক্রান্তের দাবি অস্বীকার করে এটিকে মিথ্যা বলে অভিহিত করেছেন।