
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস) হাসপাতালের নবজাতক ওয়ার্ডে ভয়াবহ আগুনে অন্তত ১৫ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
জিও নিউজ হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে বুধবার (২৬ আগস্ট) জানায়, আগুন লাগার সময় নবজাতক ওয়ার্ডে মোট ১৬টি শিশু ছিল। এর মধ্যে মাত্র একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
হাসপাতাল কর্মকর্তাদের উদ্ধৃত করে জিও নিউজ জানায়, ওয়ার্ডের ভেতরে থাকা একটি এয়ার কন্ডিশনারের কম্প্রেসর বিস্ফোরণের পর আগুনের সূত্রপাত হয়।
পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে দুর্ঘটনাস্থলে এখনো শীতলীকরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিসের সদস্যরা বলে জানিয়েছে জিও নিউজ।