
পারস্পরিক স্বার্থ ও সমতার ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক এবং ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে চায় ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক সংবাদ সম্মেলনে এ অবস্থানের কথা জানিয়েছেন।
সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কয়েকজনের প্রত্যর্পণের অনুরোধ এবং দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে দেওয়া বিভিন্ন বক্তব্যের জবাব দিতে গিয়ে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ মন্তব্য করা হয়।
ভারতীয় মুখপাত্র জানান, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি ভারতের প্রচলিত আইনি প্রক্রিয়া অনুযায়ী যাচাই-বাছাই করা হচ্ছে। এ বিষয়ে ভারতের আগের অবস্থানই বহাল রয়েছে বলেও জানান তিনি।
এর আগে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য সহায়ক বা অনুকূল পরিবেশ তৈরির পাশাপাশি ভারত সরকারের কাছে শেখ হাসিনাসহ অন্যান্য অভিযুক্ত ব্যক্তিকে প্রত্যর্পণের অনুরোধ জানানো হয়েছে। এ বিষয়ে এখন দিল্লির জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।
এর জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও কূটনীতিকদের মধ্যে নিয়মিত যোগাযোগ অব্যাহত রয়েছে। সম্প্রতি ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন।
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, এসব বিষয় আইনি ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমেই পর্যালোচনা করা হচ্ছে।