
নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির ছবি এবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্বাচনি প্রচারে জায়গা করে নিয়েছে। তেলআবিবের একটি বিলবোর্ডে মামদানির পাশাপাশি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এবং হিজবুল্লাহ প্রধান নাঈম কাসেমের ছবিও রাখা হয়েছে।
নেতানিয়াহু নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে ওই বিলবোর্ডের ছবি প্রকাশ করেছেন। তেলআবিবের আয়ালন মহাসড়কের পাশে স্থাপিত বিলবোর্ডটিতে লেখা রয়েছে, তারা নেতানিয়াহুর পরাজয় চায়। এর নিচে দেওয়া হয়েছে—‘তাদের জিততে দেবেন না’। বিলবোর্ডে নেতানিয়াহুর দল লিকুদের লোগোও রয়েছে।
সম্প্রতি ইসরায়েল ও নেতানিয়াহুর বিরুদ্ধে মামদানির কঠোর অবস্থানই তাকে এই প্রচারণায় যুক্ত করার প্রধান কারণ হিসেবে সামনে এসেছে। নিউইয়র্কের মেয়র ইসরায়েলের কড়া সমালোচক হিসেবে পরিচিত। এরই মধ্যে তিনি নেতানিয়াহুকে যুদ্ধাপরাধী হিসেবে আখ্যায়িত করেছেন।
তবে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেও নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষের তাকে গ্রেপ্তারের ক্ষমতা নেই—এ কথাও মামদানি স্বীকার করেছেন।
মামদানির বিভিন্ন বক্তব্যের আগে থেকেই সমালোচনা করে আসছেন নেতানিয়াহু। আগামী মাসে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে তিনি নিউইয়র্কে যাওয়ার কথা জানিয়েছেন।
মামদানি নেতানিয়াহুকে যুদ্ধাপরাধী বলার পরই রাজনৈতিক বিশ্লেষক ও সমালোচকদের মধ্যে ধারণা তৈরি হয়, ইসরায়েলি প্রধানমন্ত্রী তার নির্বাচনি প্রচারে এই বক্তব্যকে কাজে লাগাতে পারেন। শেষ পর্যন্ত সেই আশঙ্কাই বাস্তবে দেখা গেল।
বিলবোর্ডের পাশাপাশি নেতানিয়াহুর প্রচারণা থেকে একটি ভিডিও সংকলনও প্রকাশ করা হয়েছে। ভিডিওতে মামদানির নেতানিয়াহুকে যুদ্ধাপরাধী বলার বক্তব্য তুলে ধরে একই ধরনের নির্বাচনি বার্তা প্রচার করা হয়েছে।
এদিকে চলতি সপ্তাহে নিউইয়র্ক অঙ্গরাজ্যের আপস্টেট এলাকায় ছুটিতে রয়েছেন মামদানি। নেতানিয়াহুর প্রচারণায় নিজের ছবি এভাবে ব্যবহারের বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি তিনি।