
রাশিয়ার হামলা মোকাবিলায় প্রতিরক্ষা সক্ষমতা আরও জোরদার করতে বছরের শেষ নাগাদ নিজেদের অ্যান্টি-ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়নে ‘সুনির্দিষ্ট ফল’ দেখতে চান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মার্কিন প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থার বিকল্প হিসেবে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে যৌথভাবে অ্যান্টি-ব্যালিস্টিক সিস্টেম তৈরির ‘ফ্রেয়া’ কর্মসূচিতেও ইউক্রেনের অংশগ্রহণের বিষয়টি তুলে ধরেছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।
বৃহস্পতিবার রাতে দেওয়া এক বক্তব্যে জেলেনস্কি বলেন, ইউক্রেন নিজস্ব ক্ষেপণাস্ত্র ও লঞ্চার তৈরি করতে পারবে। অন্যদিকে দেশটির অংশীদাররা এ ব্যবস্থার জন্য প্রয়োজনীয় রাডার, সেন্সরসহ গুরুত্বপূর্ণ অন্যান্য উপাদান সরবরাহ করবে।
তিনি বলেন, অন্য দেশগুলোকে নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে কয়েক দশক সময় নিতে হলেও ইউক্রেনকে এ কাজ দ্রুত সম্পন্ন করতে হবে। ২০২৬-২০২৭ সালের শুরুতেই এই উদ্যোগের বাস্তব অগ্রগতি দেখতে চান বলেও জানান তিনি।
ব্যবস্থাটির উন্নয়ন প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিতে শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন বলে জানান জেলেনস্কি। তিনি বলেন, ইউক্রেনের অস্ত্র নির্মাতা ও প্রযুক্তি উদ্ভাবকেরা যাতে কার্যকর ফলাফল দিতে পারেন, সে জন্য প্রয়োজনীয় সব ধরনের পরিবেশ ও সুযোগ তৈরি করা হচ্ছে।
শুধু প্রতিরক্ষামূলক সক্ষমতা নয়, আক্রমণাত্মক সামরিক শক্তি বাড়ানোর দিকেও গুরুত্ব দিচ্ছে কিয়েভ। জেলেনস্কি জানান, ইউক্রেন নিজস্ব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির কাজও অব্যাহত রেখেছে।
ইতোমধ্যে এসব ক্ষেপণাস্ত্রের পরীক্ষায় উল্লেখযোগ্য সম্ভাবনা দেখা গেছে বলেও দাবি করেন তিনি। এখন সেই পরীক্ষামূলক সাফল্যকে বাস্তব ও কার্যকর অস্ত্রে পরিণত করাই ইউক্রেনের পরবর্তী লক্ষ্য বলে জানান জেলেনস্কি।