
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলোচনার উদ্যোগকে ‘লোক দেখানো’ বলে আখ্যা দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার ও দেশটির প্রধান আলোচক বাঘের গালিবাফ। তার অভিযোগ, বারবার সামরিক হুমকি দিয়ে পরে তা প্রত্যাহার করে আলোচনার প্রস্তাব দেওয়ার মাধ্যমে ওয়াশিংটন চাপ সৃষ্টির ব্যর্থ কৌশল অনুসরণ করছে।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্র একাধিকবার ইরানের বিরুদ্ধে হামলার হুমকি দিয়েছে, পরে সেই অবস্থান থেকে সরে এসে আবার সংলাপের আহ্বান জানিয়েছে। তার মতে, এ ধরনের কৌশলে ইরানের ওপর কোনো কার্যকর চাপ সৃষ্টি করা সম্ভব হয়নি।
গালিবাফ বলেন, ‘ধমক, ভঙ্গ করা প্রতিশ্রুতি ও ভুয়া তথ্য দিয়ে চাপ সৃষ্টি করার কৌশল ব্যর্থ হয়েছে।’ একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রকে বাস্তবতা মেনে নিয়ে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানান।
এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরানের বিরুদ্ধে পরিকল্পিত বৃহৎ সামরিক হামলা তিনি স্থগিত করেছেন। তার ভাষ্য অনুযায়ী, তেহরান এবং অঞ্চলের কয়েকটি দেশের অনুরোধ ও কূটনৈতিক অগ্রগতির কারণেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ট্রাম্প আরও বলেন, সম্ভাব্য একটি সমঝোতার মাধ্যমে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব হবে এবং এর ফলে ইরানের পারমাণবিক হুমকিরও অবসান ঘটবে।
অন্যদিকে, ইরান জানিয়েছে, হরমুজ প্রণালি পুনরায় সচল করার বিষয়ে ওমানের সঙ্গে তাদের আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। তবে সংঘাত দ্রুত শেষ হওয়ার বিষয়ে ট্রাম্প আশাবাদ প্রকাশ করলেও, ইরানের কর্মকর্তারা দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত থাকার অবস্থান পুনর্ব্যক্ত করেছেন।