
ঢাকা-সিলেট মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিশুসহ আটজনের। সিলেটের ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন।
শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ জানায়, সিলেট থেকে ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিলেটমুখী বেঙ্গল পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পর আরও এক শিশু মারা যায়।
দুর্ঘটনায় আহত অন্তত ১৫ জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিসের সহায়তায় পুলিশ ও স্থানীয়রা উদ্ধার কার্যক্রমে অংশ নেন।
শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান জানান, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনার পর হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
দুই বাসের সংঘর্ষের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনা তদন্তে সংশ্লিষ্টরা কাজ করছেন।