
সরকারের সঙ্গে হওয়া সমঝোতা বাস্তবায়ন না হওয়ার অভিযোগ তুলে ফের আন্দোলনের প্রস্তুতির ঘোষণা দিয়েছে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। সংগঠনটির দাবি, বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা না নেওয়ার শর্ত ভঙ্গ করা হয়েছে। এ পরিস্থিতি অব্যাহত থাকলে মঙ্গলবার থেকেই নতুন কর্মসূচি শুরু হতে পারে বলে সতর্ক করেছে তারা।
অভিজিৎ দিপকের নেতৃত্বে ব্যঙ্গাত্মক নাম নিয়ে গড়ে ওঠা ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) মূলত শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং কয়েকটি প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে আন্দোলন শুরু করেছিল। পরে শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর দিল্লির যন্তর মন্তরে টানা ৩৭ দিনের অবস্থান কর্মসূচি স্থগিত ঘোষণা করে সংগঠনটি।
তবে সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সিজেপির মুখপাত্র আশুতোষ রাঙ্কা অভিযোগ করেন, আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো পুলিশি ব্যবস্থা না নেওয়ার বিষয়ে সরকারের সঙ্গে যে সমঝোতা হয়েছিল, তা মানা হচ্ছে না।
তিনি লেখেন, বিহার ও পশ্চিমবঙ্গে শত শত শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে দিল্লি ও অন্যান্য রাজ্যে আন্দোলনে অংশ নেওয়া বহু শিক্ষার্থী নজরদারি ও হয়রানির শিকার হচ্ছেন। এছাড়া দিল্লিতে আন্দোলনকারীদের সহায়তাকারী স্বেচ্ছাসেবকদের আটকের ঘটনাও ঘটছে বলে দাবি করেন তিনি।
সরকারের পক্ষে আলোচনায় অংশ নেওয়া প্রতিনিধি জে পি নাড্ডা ও জীতেন্দ্র সিংয়ের উদ্দেশে রাঙ্কা বলেন, আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা সব এফআইআর অবিলম্বে প্রত্যাহার, আটক শিক্ষার্থীদের মুক্তি এবং দিল্লি পুলিশ, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ও বিজেপি-শাসিত রাজ্যগুলোর পুলিশকে ভবিষ্যতে নতুন কোনো এফআইআর দায়ের থেকে বিরত রাখতে হবে। অন্যথায় সংগঠনটি আবারও আন্দোলনে নামতে বাধ্য হবে বলে জানান তিনি।
এছাড়া বৈঠকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী মামলা প্রত্যাহারের বিষয়ে একটি লিখিত চুক্তি আগামীকালের মধ্যে তাদের হাতে তুলে দেওয়ারও দাবি জানিয়েছেন সিজেপির এই মুখপাত্র।
এর আগে শনিবার কনস্টিটিউশন ক্লাবে মন্ত্রীদের সঙ্গে তৃতীয় দফা বৈঠকের পর সিজেপি জানায়, নিট পরীক্ষার জালিয়াতির ঘটনায় আত্মহননকারী পরীক্ষার্থীদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে কেন্দ্রীয় সরকার নীতিগতভাবে সম্মত হয়েছে। পাশাপাশি আন্দোলনকারীদের বিরুদ্ধে ভারতের বিভিন্ন স্থানে দায়ের করা সব এফআইআর প্রত্যাহারের আশ্বাসও দেওয়া হয়েছে।
সংগঠনটি সরকারের কাছে মোট পাঁচটি প্রধান দাবি উপস্থাপন করেছে। এসব দাবি নিয়ে চার সপ্তাহ পর পরবর্তী দফার বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, গত ২০ জুলাই যন্তর মন্তর থেকে ‘চলো সংসদ’ পদযাত্রার পর দেশজুড়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে একাধিক এফআইআর দায়ের করা হয়। শুরু থেকেই এসব মামলা প্রত্যাহার এবং ভবিষ্যতে আন্দোলনকারীদের বিরুদ্ধে নতুন কোনো আইনি পদক্ষেপ না নেওয়ার দাবি জানিয়ে আসছে সিজেপি।