
ফেসবুকে আপত্তিকর ও মানহানিকর পোস্ট এবং মন্তব্য প্রকাশের অভিযোগে চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালে মামলা করেছেন সাতকানিয়া উপজেলা জামায়াতের সহকারী সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজুর রহমান। অভিযোগটি আমলে নিয়ে ঘটনার তদন্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (২৭ জুলাই) চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করা হয়। প্রাথমিক শুনানি শেষে আদালত পিবিআইকে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন।
মামলায় ‘বাঁশেরকেল্লা দক্ষিণ চট্টগ্রাম (BaserKella South Chittagong)’ নামে একটি ফেসবুক পেজকে বিবাদী করা হয়েছে। এছাড়া আপত্তিকর মন্তব্য করার অভিযোগে চার ফেসবুক ব্যবহারকারী—মিলন হোসেন বাহার মিয়া, হেলাল মোহাম্মদ, শাহজাদা আবদুল হামিদ এবং কাজী নুমিকে বিবাদী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ২৫ জুলাই দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সরাইপাড়া এলাকার নিজ ভাড়া বাসায় অবস্থানকালে ফেসবুকে নিজের বিরুদ্ধে একটি আপত্তিকর পোস্ট দেখতে পান মোহাম্মদ আজিজুর রহমান। অভিযোগ অনুযায়ী, ‘বাঁশেরকেল্লা দক্ষিণ চট্টগ্রাম’ নামের পেজ থেকে প্রকাশিত ওই পোস্টে তাকে নিয়ে বিভিন্ন আপত্তিকর মন্তব্য করা হয়।
পরে ওই পোস্টের প্রতিবাদ জানিয়ে নিজের ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দেন আজিজুর রহমান। তার দাবি, সেই পোস্টের মন্তব্যের ঘরেও কয়েকজন তার বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেন।
বাদীর অভিযোগ, ফেসবুকে প্রচারিত ওই পোস্ট ও মন্তব্যের কারণে তার ব্যক্তিগত, সামাজিক এবং রাজনৈতিক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ আয়াত উল্লাহ বলেন, "বিবাদীরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা, কুরুচিপূর্ণ ও মানহানিকর তথ্য প্রচার করে তার মক্কেলের সম্মানহানি করেছেন এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেছেন। এ কারণে আদালতে সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ২৫, ২৬, ২৭ ও ৩০ ধারায় মামলা করা হয়েছে।"
তিনি আরও বলেন, "আদালত অভিযোগটি আমলে নিয়ে তদন্তের জন্য পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।"